প্রধান বিচারপতি এস কে সিনহার সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বৈঠককে নজিরবিহীন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিচার বিভাগের ওপর চাপ সৃষ্টির জন্য এই আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।
গতকাল সোমবার সকালে ঠাকুরগাঁওয়ে বন্যাদুর্গত লোকজনের মধ্যে ত্রাণ বিতরণের আগে সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি প্রশ্ন করেন, রায়ের মধ্যে ইতিহাস বিকৃতি কোথায় হয়েছে? এই রায়ে সত্যকে তুলে ধরা হয়েছে।
বিএনপির মহাসচিব বলেন, ষোড়শ সংশোধনীর রায় নিয়ে আওয়ামী লীগ নাটক শুরু করেছে। এই নাটকের মূল উদ্দেশ্য হচ্ছে এই রায়কে বাতিল করা। এটা প্রতিষ্ঠিত, এই রায়ের ফলে সরকার বৈধতা হারিয়েছে, ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে। রায়ের পর্যবেক্ষণের মধ্য দিয়ে কিছু অতি সত্য কথা বেরিয়ে এসেছে। যে সত্য কথা বলতে বাধা দিতে তারা সংবিধান সংশোধন করেছে। আওয়ামী লীগ আদালতের রায় তাদের মনমতো না হলে মানতে চায় না। এর আগে তারা হাইকোর্টে লাঠিমিছিল করেছে।
গায়ের জোরে রায় পাল্টাতে চায়
গতকাল ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তৃতায় দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতাসীনেরা প্রধান বিচারপতির বিরুদ্ধে আজেবাজে কথাবার্তা বলছে। মনে হচ্ছে তারা গায়ের জোরে প্রধান বিচারপতির কাছ থেকে রায় পাল্টে নিতে চাইছে।