প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করলেন গওহর রিজভী
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। গতকাল মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্টে প্রধান বিচাপতির অফিসকক্ষে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
ষোড়শ সংশোধনীর রায় নিয়ে চলমান আলোচনার মধ্যে প্রধানমন্ত্রীর এ বিষয়ে বক্তব্যের পরদিন প্রধান বিচারপতির সঙ্গে দেখা করলেন গওহর রিজভী। সূত্র জানায়, গতকাল বেলা তিনটা থেকে প্রায় আধঘন্টা তাঁরা আলোচনা করেন।
প্রধান বিচারপতির একান্ত সচিব মোহাম্মদ আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, সকালে সৌজন্য সাক্ষাতের জন্য গওহর রিজভীর পক্ষ থেকে সময় নেওয়া হয়। এরপর তিনি বিকেলে সাক্ষাৎ করেন। তবে সাক্ষাতের বিষয়বস্তু সম্পর্কে তিনি কিছু জানেন না।
ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা বহাল রেখে সর্বোচ্চ আদালতের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর ১২ আগস্ট প্রধান বিচারপতির বাসভবনে সাক্ষাৎ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।