প্রধানমন্ত্রী এক-এগারোর ষড়যন্ত্রের ফসল: গয়েশ্বর
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘এক-এগারোর ষড়যন্ত্রের ফসল’ বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘এক-এগারোর ষড়যন্ত্র না হলে আপনি প্রধানমন্ত্রী হতেন না। আপনি এক-এগারোর বেনিফিশিয়ারি। সুতরাং তখন ষড়যন্ত্রের সঙ্গে আপনার সম্পর্ক নেই—এ কথাটি কারও কাছে সংগতভাবে গ্রহণযোগ্য নয়।’
গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন। বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরীর মুক্তির দাবিতে বৃহত্তর নোয়াখালী জেলা ছাত্র ফোরাম এ অনুষ্ঠানের আয়োজন করে।
গয়েশ্বর রায় বলেন, এক-এগারোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেছিলেন, এক-এগারোর সরকার তাঁদের আন্দোলনের ফসল। তিনি বলেন, ‘এক-এগারোর সরকার যদি আপনার আন্দোলনের ফসল হয়, তাহলে এ সফলতার ক্ষেত্রে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনামসহ আরও অনেক সাংবাদিকের ভূমিকা আছে। তাঁদের তো পুরস্কৃত করতে পারেন।’ ছাত্রদলের সহসভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির নেতা মাহবুব উদ্দিন খোকন, জয়নুল আবেদিন ফারুক প্রমুখ।