প্রধানমন্ত্রী দেশ শাসন নয়, পরিচালনা করছেন: মতিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মতিয়া চৌধুরী । ফাইল ছবি
মতিয়া চৌধুরী । ফাইল ছবি

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেন, প্রকাশ্যে বলেন এবং সাহসের সঙ্গে বলেন। তিনি দেশের জনগণের জন্য কী কর্তব্য পালন করতে পারছেন, এই হিসাবটাই করেন। জনগণের কল্যাণের জন্য রাত-দিন হিসাব করেন। কখনো নিজের জীবন-মৃত্যুর হিসাব করেন না। এই বিশ্বাস নিয়েই প্রধানমন্ত্রী দেশ শাসন নয়, পরিচালনা করছেন। মানুষের সেবা দিচ্ছেন।’
আজ শুক্রবার তাঁর নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের মুক্তমঞ্চে বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণকালে মন্ত্রী এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী আরও বলেন, ‘আল্লাহ তাআলা জননেত্রী শেখ হাসিনার হাত দিয়ে দেশের উন্নয়নের জন্য যা যা করানোর, তাই করাবেন। এর আগে কেউ তাঁকে কিছু করতে পারবে না। আর যখন করানো শেষ হবে, তখন কেউ টেনেও তাঁকে রাখতে পারবে না। আমরা উনার মতো পারি না। তবে অনুসরণ করতে চেষ্টা করি।’
জনপ্রতিনিধিদের উদ্দেশ করে মতিয়া চৌধুরী বলেন, ‘সুচের কাজ সুচ করবে। সুতার কাজ সুতা করবে। আমি কারও কাজে হস্তক্ষেপ করি না। এমপি-মন্ত্রী যে কাজ করতে পারবেন, উপজেলা পরিষদ সে কাজ করতে পারে না। আর উপজেলা পরিষদ যে কাজ করতে পারবে, ইউনিয়ন পরিষদ সে কাজ করতে পারবে না। কিন্তু কাজ করতে হবে।’

জনপ্রতিনিধিদের কাজের হিসাব আদায় করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, ‘সেবার জন্য মানুষ ভোট দিয়েছে। আমরা সেবা করব। শেষনিশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত যেন সেই সেবাটাই করতে পারি, আপনারা এই দোয়া করবেন।’
কৃষিমন্ত্রী পরে উপজেলার বিভিন্ন শিক্ষা, স্বেচ্ছাসেবী ও ধর্মীয় প্রতিষ্ঠান ও ব্যক্তি এবং প্রতিবন্ধীদের মাঝে মোট ২২ লাখ ৩৭ হাজার ৫০০ টাকার চেক ও নগদ অর্থ ছাড়াও ৬৯ বান ঢেউটিন, নয়টি হুইলচেয়ার, ছয়টি সেলাই মেশিন বিতরণ করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক অঞ্জন কুমার পাল, পুলিশ সুপার (এসপি) মেহেদুল করিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মোখলেছুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাঈদ মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।