প্রধানমন্ত্রী দেশের স্বার্থে পদক্ষেপ নেবেন, মনে করে ১৪ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের স্বার্থেই সব পদক্ষেপ নেবেন বলে মনে করে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোট। এই জোট তাঁর এসব পদক্ষেপের পক্ষে আছে।

আজ শনিবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এক সভা শেষে সংবাদ সম্মেলনে জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম এ কথা বলেন। এ সময় জোটের শরিক জাসদের একাংশের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, দেশের স্বার্থ ক্ষুণ্ন হয়েছে, কেউ দেখাতে পারলে সমালোচনা গ্রহণ করা হবে। তথ্যমন্ত্রী আরও বলেন, বিএনপি ও তাদের দোসররা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে মিথ্যাচার ও বিভ্রান্তি ছড়াচ্ছে। ১৯৯৬ থেকে ২০০১ সাল এবং ২০০৯ সাল থেকে বর্তমান পর্যন্ত শেখ হাসিনা দেশ পরিচালনা করেছেন। এ সময় করা সব চুক্তিতে দেশের স্বার্থ রক্ষা হয়েছে।
সংবাদ সম্মেলনে মোহাম্মদ নাসিম বলেন, ‘দেশপ্রেমিক হিসেবে শেখ হাসিনা যেসব পদক্ষেপ নেবেন, তা দেশের স্বার্থ রক্ষা করেই নেবেন। আশা করি প্রধানমন্ত্রীর এ সফরে পানিসহ সব বিষয়ের সমাধান হবে।’ শেখ হাসিনার ওপর দেশের জনগণের আস্থা আছে মন্তব্য করে নাসিম বলেন, দেশের স্বার্থ রক্ষা করে প্রধানমন্ত্রী সমস্যার সমাধান করবেন। ১৪ দল তাঁর সঙ্গে আছে। দেশবাসী তিস্তা, সীমান্ত হত্যাসহ সব বিষয়ে ইতিবাচক ফল দেখতে পাবে।
এর আগে ১৪ দলের নেতারা বৈঠক করেন। সেখানে উপস্থিত একাধিক নেতা বলেন, ইন্টার পার্লামেন্টারিয়ান ইউনিয়ন (আইপিইউ) সম্মেলন চলার সময় বিএনপির তিন মেয়রকে বরখাস্ত করার ঘটনা সরকারকে লজ্জিত করেছে বলে একজন বক্তব্য দেন। এখন থেকে বিএনপি সরকার নিয়ে কোনো বক্তব্য দিলে এর পাল্টা বক্তব্য ১৪ দলের পক্ষ থেকে দেওয়ার সিদ্ধান্ত হয় বৈঠকে।
বৈঠকে উপস্থিত ছিলেন জাসদের আরেক অংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পাটির পলিটব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল প্রমুখ।