প্রধানমন্ত্রী নির্বাচন প্রস্তুতির পরামর্শ দিয়েছেন, দাবি সাঈদের
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতির পরামর্শ দিয়েছেন বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে প্রার্থী ঢাকা মহানগর আওয়ামী লীগে সাংগঠনিক সম্পাদক সাঈদ খোকন। আজ মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি প্রধানমন্ত্রীকে জানাতে গণভবনে যান তিনি। পরে বেরিয়ে এসে সাংবাদিকদের কাছে এ দাবি করেন সাঈদ খোকন।
এ ব্যাপারে জানতে চাইলে সাঈদ খোকনের ব্যক্তিগত সহকারী হাবিবুল ইসলাম রাতে প্রথম আলোকে বলেন, ‘দেখা করার সময় প্রধানমন্ত্রী স্যারকে নির্বাচনের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন। এ সময় স্যার প্রধানমন্ত্রীকে তার মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি অবহিত করেন।’
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের তোড়জোড়ের মধ্যে গত ২৬ ফেব্রুয়ারি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গণভবনে ডেকে পাঠান সাঈদ খোকনকে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দলের পক্ষ থেকে সমর্থন পাওয়ার কথা পরে সাংবাদিকদের জানান তিনি। আজ মঙ্গলবার দুপুরে সাঈদ খোকন মনোনয়নপত্র সংগ্রহ করেন।