প্রধানমন্ত্রী বিচার বিভাগে হস্তক্ষেপ করেন না: নাজমুল হুদা
খালেদা জিয়ার জামিন প্রমাণ করে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার ব্যবস্থায় একদমই হস্তক্ষেপ করেন না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মানবাধিকার পার্টি (বিএমপি) এবং বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্সের (বিএনএ) প্রধান ব্যারিস্টার নাজমুল হুদা।
আজ রোববার এক বিবৃতিতে নাজমুল হুদা বলেন, ‘যদি কোনো প্রভাব থাকত, তাহলে খালেদা জিয়া আজ জামিন পেতেন না।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে নাজমুল হুদা বলেন, আজকের ঘটনাটি সুস্থ রাজনৈতিক চর্চা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি বলেন, ‘বিএনএ থেকে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাচ্ছি এবং বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র রক্ষায় আইনের শাসন সমুন্নত রাখার ক্ষেত্রে দৃঢ় ভূমিকা পালন করবেন বলে আশা করি।’
আদালত আজ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল দুর্নীতি মামলায় জামিন মঞ্জুর করেছেন।