প্রধানমন্ত্রী ভোট দেবেন দক্ষিণে, ভোট দিতে পারছেন না খালেদা

সিটি করপোরেশন নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোট দেবেন ঢাকা দক্ষিণে। সকালে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে তিনি ভোট দেবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ কথা জানা গেছে।
অন্যদিকে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবারের নির্বাচনে ভোট দিতে পারছেন না। কারণ, খালেদা জিয়া ঢাকা সেনানিবাস এলাকার ভোটার, যা সিটি করপোরেশন এলাকার আওতাভুক্ত নয়। গতকাল রোববার গুলশানে তাঁর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি এখনো ক্যান্টনমেন্টের ভোটার। ক্যান্টনমেন্ট এলাকা সিটি করপোরেশনের আওতাভুক্ত নয় বলে আমি ভোট দিতে পারব না।’
২০০৮ সালে ভোটার তালিকা করার সময় খালেদা জিয়া ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাসায় থাকতেন। ২০১০ সালে ওই বাড়ির বরাদ্দ বাতিল করার পর থেকে থেকে তিনি গুলশানের ৭৯ নম্বর সড়কের ১ নম্বর বাসা ‘ফিরোজা’য় থাকছেন।