প্রধানমন্ত্রী মৌলিক ভুল করছেন: নোমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিবিরোধী ঐক্য নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য জাতিকে বিভক্ত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির নেতা আবদুল্লাহ আল নোমান।
গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে খালেদা জিয়ার আহ্বান ও সরকারের ভূমিকা’ শিরোনামে এক আলোচনা সভায় আবদুল্লাহ আল নোমান এ কথা বলেন। ‘জাতীয়তাবাদী দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন’ নামের একটি সংগঠন এর আয়োজন করে।
বিএনপির এই নেতা বলেন, দেশের ১৬ কোটি মানুষের প্রত্যেকে চায় জঙ্গিবাদবিরোধী ভূমিকা রাখতে। এই ভূমিকা তারা হয়তো রাখছে অথবা চেষ্টা করছে। এতে শেখ হাসিনা যদি মনে করেন জাতীয় ঐক্য প্রতিষ্ঠা হয়েছে, তাহলে এখানে কিন্তু প্রধানমন্ত্রী মৌলিক ভুল করছেন।
দেশের মানুষ জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হলেও সংগঠিত নয় মন্তব্য করে আবদুল্লাহ আল নোমান বলেন, ‘আমরা সেই সংগঠিতরূপে জনগণকে নেতৃত্ব দেওয়ার জন্য কনভেনশনের মাধ্যমে একটা ঐক্য প্রতিষ্ঠার কথা বলেছি। জাতিকে বিভক্ত করার মধ্য দিয়ে আমরা জনগণকে অতল সমুদ্রে ভাসিয়ে দিতে পারি না।’