প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সম্মানহানি করেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি বলেছে, ‘উত্তরপাড়া’র ক্ষমতা দখলের আশঙ্কা প্রকাশ করে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সম্মানহানি করেছেন। দলটির দাবি, অগণতান্ত্রিক কোনো পন্থাকে বিএনপি কখনো স্বীকৃতি দেয়নি। বিএনপি কখনোই সেনাবাহিনীকে বিতর্কে জড়াতে চায় না।
গতকাল সোমবার এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ এ দাবি করেন।
রোববার এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘উত্তরপাড়ার দিকে তাকিয়ে থেকে লাভ নেই। খালেদা জিয়া মনে করছেন, সেখান থেকে কেউ এসে তাঁকে ক্ষমতায় বসিয়ে দেবেন।’
প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে সালাহ উদ্দিন বলেন, ‘বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাকারী দেশের একটি নিয়মতান্ত্রিক সর্ববৃহৎ রাজনৈতিক দল। অগণতান্ত্রিক কোনো পন্থাকে বিএনপি কখনো স্বীকৃতি দেয়নি। বরং আওয়ামী লীগের স্বৈরতান্ত্রিক, একনায়কতান্ত্রিক, নৈরাজ্যকর মানসিকতা ও কর্মকাণ্ডের কারণে অগণতান্ত্রিক শক্তির উদয় হয়েছে প্রতিবার। দেশ ও জাতির গর্ব সেনাবাহিনী তাদের সুনাম অক্ষুণ্ন রেখে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে আসছে।’
বিবৃতিতে মিরপুরে শ্রমিক দলের নেতা আবদুল ওদুদসহ চারজনকে রোববার রাতে গুলি করে হত্যার পর গণপিটুনির কাহিনি সাজানোর নিন্দা জানানো হয়। এতে বলা হয়, রোববার কেরানীগঞ্জে র্যাবের হাতে ঢাকা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নূর হোসেন পেট্রলবোমাসহ ধরা পড়লেও এ বিষয়ে সরকারের কোনো বক্তব্য নেই।
পৃথক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে কারাগারে না পাঠিয়ে গত ২৩ দিন রিমান্ডে নেওয়ার প্রতিবাদ জানান সালাহ উদ্দিন আহমদ। বিবৃতিতে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।