প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের দেখতে গেছেন, খুশি ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

‘রোহিঙ্গা ইস্যুতে বিএনপি রাজনীতি করতে চায় না’ বলার পরদিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বিএনপি নয়, বরং আওয়ামী লীগ রোহিঙ্গা ইস্যুতে রাজনীতি করতে চায় বলেই এখন তারা মিয়ানমারের সেনাবাহিনী ও বাংলাদেশের বিজিবি যৌথভাবে টহল দিয়ে অভিযান চালানোর প্রস্তাব দিচ্ছে।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এ কথা বলেন। তিনি প্রশ্ন তোলেন, কোথায়, কার বিরুদ্ধে এ অভিযান চালানো হবে? যাঁদের হত্যা, ধর্ষণ করা হচ্ছে, যাঁদের শিশুদের মেরে ফেলা হচ্ছে, গ্রামের পর গ্রাম আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে—তাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে? সেখানে বিজিবি থাকবে?’
প্রধানমন্ত্রীর রোহিঙ্গাদের দেখতে যাওয়ার কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে সারা বিশ্ব প্রতিবাদে সোচ্চার হলেও এরা (সরকার) এখনো দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। আমরা কিছুটা খুশি, দেরিতে হলেও তিনি (প্রধানমন্ত্রী) রোহিঙ্গাদের দেখতে এবং ত্রাণসামগ্রী বিতরণ করতে গেছেন। এত দিনে বোধোদয় হয়েছে। তবে এখনো পুরোপুরি বোধোদয় হয়নি, সুযোগ পেলেই বিএনপিকে দোষারোপ করে বসেন।’
মির্জা ফখরুল বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে সমস্যা সমাধানে কথা বলতে হবে, আলোচনা করতে হবে। অথচ এ ব্যাপারে সরকারের মনোভাব আমরা ঠিক বুঝতে পারি না। রোহিঙ্গা ইস্যুতে সরকার গতকাল (সোমবার) সংসদে দাঁড়িয়ে বলেছে, এ সমস্যা সমাধানে মিয়ানমার সরকারকে চাপ দেওয়া উচিত। অথচ তারা একবারও রোহিঙ্গাদের ওপর মিয়ানমার যে গণহত্যা চালাচ্ছে, তার নিন্দা জানায়নি। আমরা এর নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। আমরা পরিষ্কার ভাষায় মিয়ানমার সরকারকে বলছি, তারা যেন অবিলম্বে রোহিঙ্গাদের গণহত্যা বন্ধ করে।’
বিএনপির মহাসচিব আগামী নির্বাচন নিয়েও কথা বলেন। তিনি বলেন, ‘আপনারা নির্বাচন নির্বাচন বলে খুব ঢোল বাজাচ্ছেন। আমরাও নির্বাচন চাই। কারণ, ২০১৪ সালে আপনারা যে নির্বাচন করেছেন, তা এ দেশের মানুষ গ্রহণ করেনি। জোর করে ক্ষমতা দখল করে বসে আছেন। আর সামনে যখন নির্বাচনের সময় আসছে, তখন নির্বাচন নিয়ে আপনারা বিভিন্ন কথা বলতে শুরু করেছেন।’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১০ম কারামুক্তি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী যুবদল এ আলোচনা সভার আয়োজন করে।
দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, ‘খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে চায় আওয়ামী লীগ। উদ্দেশ্য বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতিকে ধ্বংস করে দেওয়া।’
যু্বদলের সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী প্রমুখ।