প্রধানমন্ত্রী, সংযত হয়ে কথা বলুন: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর দলের নেতাদের সংযত হয়ে কথা বলার পরামর্শ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
গতকাল বুধবার এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে তাঁর ছেলে তারেক রহমানের কথা উল্লেখ করে ‘কুপুত্রকে জিহ্বা সামলে কথা বলতে বলবেন’ বলে পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বৃহস্পতিবার এ মন্তব্য করেন।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আজ সকাল থেকে সাবেক ও বর্তমান ছাত্রদল নেতাদের কনভেনশন চলছে। ওই অনুষ্ঠানের উদ্বোধন করে প্রথম পর্বে মির্জা ফখরুল বলেন, তারেক রহমান ইতিহাস থেকে সত্য বলেছেন। এ সত্য বলায় আওয়ামী লীগের গায়ে জ্বালা ধরেছে। ইট মারলে পাটকেল খেতে হয়।
মির্জা ফখরুল অভিযোগ করেন, আওয়ামী লীগ প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান দেয় না। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন। কিন্তু আওয়ামী লীগ তাঁকে পাকিস্তানের চর বলে। এ কে খন্দকার মুক্তিযুদ্ধের উপ-অধিনায়ক ছিলেন। তিনি সত্য কথা বলায় এখন আওয়ামী লীগ তাঁর বিরুদ্ধেও কথা বলছে।
ছাত্রদলের এ কনভেনশনে দুপুরের পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিত হওয়ার কথা।