প্রধানমন্ত্রী সত্য বলায় বিএনপির গাত্রদাহ হচ্ছে: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, সংসদে প্রধানমন্ত্রী অপ্রিয় সত্য বলায় বিএনপির গাত্রদাহ হচ্ছে। আজ সোমবার দুপুরে সচিবালয়ে সংবাদ সংগ্রহের দায়িত্বে নিয়োজিত গণমাধ্যমকর্মীদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নবনির্বাচিত কমিটির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিএনপি মহাসচিব ‘অশালীন’ বলেছেন। এ বিষয়ে প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, জিয়াউর রহমান অস্ত্রের জোরে ক্ষমতা দখল করে ক্ষমতার উচ্ছিষ্টদের নিয়ে দল গঠন করে রাজনীতি করেছেন। অর্থাৎ এই দলের জন্মই হচ্ছে অবৈধ, যেটি হাইকোর্টও তাঁদের রায়ে বলেছেন। মির্জা ফখরুল, খন্দকার মোশাররফ হোসেন, রিজভী আহমেদসহ বিএনপির প্রথম সারির নেতারা সবাই অন্য দল করতেন এবং ক্ষমতার উচ্ছিষ্ট গ্রহণ করার জন্যই বিএনপিতে যোগ দিয়েছিলেন। সে কারণে এটি বলাতে তাদের গাত্রদাহ হচ্ছে।’
হাছান মাহমুদ বলেন, ‘আমি মির্জা ফখরুল সাহেবকে বলব, তাঁদের নেতাদের একটু শালীনতা শেখানোর জন্য। প্রধানমন্ত্রী ২০১৪ নির্বাচনের আগে খালেদা জিয়াকে যখন ফোন করেছিলেন, তখন কেমন অশালীন ভাষায় খালেদা জিয়া কথা বলেছিলেন, জনগণ সেটি দেখেছে। খালেদা জিয়ার দ্বিতীয় পুত্র কোকোর মৃত্যুর পর সমবেদনা জানানোর জন্য তাঁর বাড়িতে গিয়ে দেশের প্রধানমন্ত্রী ২০ মিনিট দরজার সামনে দাঁড়িয়ে ছিলেন, কিন্তু খালেদা জিয়া দরজা খোলেন নাই। যারা এমন অশালীন আচরণ করে তাদের মুখে শালীনতা শব্দ মানায় না।’
বিএনপির নেত্রী খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে বিএনপির লাগাতার বক্তব্য প্রসঙ্গে প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির সাম্প্রতিক বক্তব্যের পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে, খালেদা জিয়া আদালত থেকে জামিন না পাওয়া সত্ত্বেও তাঁকে যে মহানুভবতা দেখিয়ে কারাগারের বাইরে রাখা হয়েছে, মনে হচ্ছে সেটি আমাদের ভুল। এখন আবার সেটি পুনর্বিবেচনা করতে হবে, খালেদা জিয়াকে আইন অনুযায়ী আবার জেলখানায় ফিরিয়ে দেওয়া হবে কি না।’
তথ্যমন্ত্রী বিএসআরএফকে গুরুত্বপূর্ণ সংগঠন বলে অভিহিত করেন এবং নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান। তিনি বলেন, সচিবালয়ের সংবাদ অত্যন্ত সংবেদনশীল এবং তা নির্ভুলভাবে পরিবেশন প্রয়োজন।
তথ্য ও সম্প্রচারসচিব মো. মকবুল হোসেন, বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাস, সহসভাপতি মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক মাসউদুল হক এ সময় বক্তব্য দেন।
বিএসআরএফের সহসাধারণ সম্পাদক মেহেদী আজাদ, সাংগঠনিক সম্পাদক আকতার হোসাইন, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক তাওহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মো. শফিউল্লাহ সুমন, দপ্তর সম্পাদক মো. মোসকায়েত মাশরেক, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাহরাম খান, কার্যনির্বাহী সদস্য ইসমাইল হোসাইন, এম এ জলিল মুন্না, মাইনুল হোসেন, শাহজাহান মোল্লা, হাসিফ মাহমুদ শাহ, শাহাদাত হোসেন, বেলাল হোসেন ও রুবায়েত হাসান সভায় অংশ নেন। নবনির্বাচিত কমিটি সভা শেষে তথ্যমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।