প্রধানমন্ত্রীকে ছোট্ট ত্যাগ স্বীকারের আহ্বান রিপনের

ছোট্ট একটি ত্যাগ স্বীকার করে শিগগির নির্বাচন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন। আজ সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।
শোক দিবস উপলক্ষে গতকাল রোববার এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যত ষড়যন্ত্রই হোক, পরোয়া করি না। আমি বাংলাদেশের মানুষের জন্য যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।’ তাঁর এই বক্তব্য তুলে ধরে রিপন প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘বড়মাপের ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত হওয়ার দরকার নাই। ছোট একটি ত্যাগ স্বীকার করুন, সেটা হচ্ছে আপনি বলে দিন শিগগির একটি নির্বাচন হবে। আপনি বিরোধী দলসহ সবার সঙ্গে পরামর্শ করুন। সুবিধাজনক সময় নির্ধারণ করুন, যাতে সকল দল নির্বাচনে অংশ নিতে পারে। একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের পথে বাধাগুলো দূর করুন।’
চাঁদপুরের কচুয়ায় ১৫ আগস্ট শোক দিবস উপলক্ষে চাঁদা না পেয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়ে রিপন বলেন, কোনো সভ্য দেশে এ ধরনের ঘটনা ঘটতে পারে না।
এক প্রশ্নের জবাবে রিপন বলেন, দেশে একটি অবাধ নির্বাচন প্রয়োজন, তা বাংলাদেশের বন্ধু রাষ্ট্ররা সরকারকে সব সময় মনে করিয়ে থাকেন। তবে সরকার যদি জেগে ঘুমায় তাহলে করার কিছু নেই। বিএনপি তাদের দাবি জানিয়ে যাবে। তিনি বলেন, বিএনপি বারবার সরকারকে বলে আসছে, বিএনপিসহ সব দলের সঙ্গে আলোচনায় বসতে, আলোচনার ভিত্তিতে আগামী নির্বাচনের পদ্ধতি ঠিক করতে।