প্রধানমন্ত্রীকে ভুল তথ্য দেওয়া হচ্ছে: বাদশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদিবাসী-বিষয়ক সংসদীয় ককাসের সভাপতি সাংসদ ফজলে হোসেন বাদশা বলেছেন, সরকার চায় না কৃষিজমির ওপর অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠুক। কিন্তু প্রধানমন্ত্রীকে ভুল তথ্য দিয়ে হবিগঞ্জে কৃষিজমির ওপর অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চান্দপুর-বেগমখান চা-বাগান এলাকায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রতিবাদে গতকাল মঙ্গলবার প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি। চা-বাগানের শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানান ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।
সমাবেশে চান্দপুর চা-বাগান ও এর আশপাশের রামগঙ্গা, জোয়ানভাঙ্গা ও বেগমখান চা-বাগানের কয়েক শ শ্রমিক যোগ দেন। তাঁদের হাতে ছিল লাঠিসোঁটা, ধনুক ও বল্লম।
সমাবেশে বক্তারা বলেন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের পক্ষে তাঁরা। তবে চা-বাগানের ভেতরে নয়, অন্য কোনো জায়গায় তা গড়ে উঠুক। কারণ, চা-বাগানের ভেতরে এ ধরনের শিল্পকারখানা গড়ে উঠলে পরিবেশের ওপর প্রভাব পড়বে।
ভূমি রক্ষা কমিটির আহ্বায়ক অভিরত বাকতির সভাপতিত্বে এ প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন সাংসদ মোস্তফা লুৎফুল্লাহ, সাংসদ কবি কাজী রোজী ও স্বপন সাঁওতাল, কাঞ্চন পাত্র প্রমুখ।
চান্দপুর চা-বাগানের জমিতে অর্থনৈতিক অঞ্চল গঠনের উদ্যোগ নেয় সরকার। এ জন্য চা-বাগানের অধীনে থাকা ৫১১ একর ভূমির ইজারা বাতিল করে সরকারের নিয়ন্ত্রণে আনা হয়। পরে তা ভূমি মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে হবিগঞ্জের জেলা প্রশাসন। এর প্রতিবাদে গত এক মাস থেকে আন্দোলন করে আসছেন চা-শ্রমিকেরা।