প্রধানমন্ত্রীকে মার্কিন প্রেসিডেন্টের চিঠিতে চুপসে গেছেন সবাই: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ
ফাইল ছবি

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে। কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এতে সরকারের সমালোচনাকারীরা চুপসে গেছেন।

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় বাংলাদেশের র‌্যাব ও এর কয়েকজন কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রসঙ্গ টেনে তথ্যমন্ত্রী বলেন, দেশের কয়েকজন কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞার পর যাঁরা লাফালাফি করেছিলেন, এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের চিঠির পর নিশ্চয়ই তাঁরা চুপসে গেছেন।

তথ্যমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন। তিনি বলেন, সেই চিঠিতে তিনি (বাইডেন) বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিকে উন্নয়নশীল বিশ্বের জন্য উদাহরণ হিসেবে উল্লেখ করে ভূয়সী প্রশংসা করেছেন। তিনি আরও বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বিশ্বশান্তি রক্ষা, সন্ত্রাসবাদ দমন, রোহিঙ্গাদের সহায়তাদানসহ অনেকগুলো ক্ষেত্রে একযোগে কাজ করছে। চিঠিতে গত ৫০ বছরের মতো ভবিষ্যৎ ৫০ বছর এবং তারপরও দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলেও আশা প্রকাশ করেছেন জো বাইডেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে চমৎকার সম্পর্ক এবং ভবিষ্যতে তা আরও দৃঢ় হবে—এই চিঠির মাধ্যমে তা প্রমাণিত হয় বলে মনে করছেন হাছান মাহমুদ। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের উন্নয়ন সহযোগী। আমাদের উন্নয়ন অভিযাত্রায় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এবং তাদের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার। ভবিষ্যতেও যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক ঘনিষ্ঠ হবে এবং দেশের অগ্রগতির ক্ষেত্রে এই সম্পর্ক গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’

মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, র‌্যাবের কয়েকজন কর্মকর্তার ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়ার এক সপ্তাহ পরই যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদ-জঙ্গিবাদ দমনে র‌্যাবের ভূমিকার প্রশংসা করেছিল। এ বিষয়ে উভয় দেশ কাজ করছে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়েও আলোচনা হচ্ছে।

এ সময় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির বিষয়ে বিএনপির বক্তব্য নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকেরা। জবাবে হাছান মাহমুদ বলেন, মানুষের মধ্যে স্বস্তি এলে বিএনপির মধ্যে অস্বস্তি বেড়ে যায়। এক কোটি মানুষকে ফ্যামিলি কার্ড দেওয়া এবং বিভিন্ন স্থানে ট্রাকে করে স্বল্প আয়ের মানুষকে স্বল্প মূল্যে পণ্য দেওয়ায় মানুষের মধ্যে কিছুটা হলেও স্বস্তি এসেছে, এতে বিএনপির অস্বস্তি বেড়েছে। বিএনপি দ্বিচারিতা করে, প্রতিদিন সংবাদ সম্মেলনে দ্রব্যমূল্য নিয়ে কথা বলে আর ভেতরে–ভেতরে অসাধু ব্যবসায়ী ও মজুতদারদের পণ্যের দাম বাড়াতে উৎসাহ দেয়।

দেশের আইন–আদালত স্বাধীন দেখেই অনেক আওয়ামী লীগের সাংসদও কারাগারে যান বলে মন্তব্য করেন হাছান মাহমুদ। দেশের আইন-আদালত নিয়ে বিএনপির বিরূপ মন্তব্যের পরিপ্রেক্ষিতে তথ্যমন্ত্রী বলেন, ‘দেশের আইন ও আদালত স্বাধীন বিধায় অনেক আওয়ামী লীগের এমপির বিরুদ্ধেও আদালতের রায় হয়, তাঁরা হাজতে ও জেলখানায় যান। আইন ও আদালত সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। সে জন্যই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা অনেক মামলায় জামিন পান। আমি মনে করি, দেশে বিএনপির নেতৃত্বে যে অগ্নিসন্ত্রাস হয়েছে, সেগুলোর হুকুমের আসামি হচ্ছেন মির্জা ফখরুলসহ তাঁদের আরও অনেক নেতা। এসব মামলায় তাঁরা জামিন পেয়েছেন। যেটি সমীচীন নয় বলে আমি মনে করি।’

সাংবাদিকেরা বিদ্যুৎ খাতে ভর্তুকি দেওয়া ঠিক আছে কি না, প্রশ্ন করলে হাছান মাহমুদ বলেন, ‘ভর্তুকি দেওয়া না হলে বিদ্যুতের দাম আরও বাড়াতে হয়। তাই সাধারণ মানুষের অসুবিধা বিবেচনায় রেখে বিদ্যুৎ খাতে ভর্তুকি দেওয়া হয়। সরকার কৃষি খাতেও হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দেয়। বিশ্বব্যাংক, আইএমএফ অবশ্য ভিন্ন পরামর্শ দিয়েছিল। কৃষি খাতে ভর্তুকি দেওয়ার সুফল হচ্ছে আজ বাংলাদেশ আয়তনের দিক দিয়ে পৃথিবীর ৯২তম হলেও ধান, সবজি ও মিঠাপানির মাছ উৎপাদনে তৃতীয়, আলু উৎপাদনে সপ্তম। আলু এখন আমরা বিদেশে রপ্তানি করি। ভর্তুকি দেওয়ার কারণে আমাদের অর্থনীতি, কৃষি ও সার্বিকভাবে দেশ উপকৃত হচ্ছে।’