বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, ‘শনিবার প্রধানমন্ত্রীকে যথোপযুক্ত সম্মান না দেখানো সঠিক হয়নি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ বিষয়ে একেবারেই অজ্ঞাত ছিলেন। তখন ছিলেন প্রায় অজ্ঞানের মতো। আমরা কেউ তাঁর সঙ্গে দেখা করার সুযোগ পাইনি।’
বিএনপির জ্যেষ্ঠ নেতাদের বৈঠক শেষে গতকাল রোববার রাতে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন মওদুদ আহমদ। বৈঠকে খালেদা জিয়া উপস্থিত ছিলেন না বলে দলীয় সূত্র জানায়।
মওদুদ বলেন, ‘বিএনপির চেয়ারপারসনের কক্ষের দরজা বন্ধ থাকার কারণে প্রধানমন্ত্রীর আসার কথা তাঁকে বলা সম্ভব হয়নি। সিনিয়র সব নেতার মতামতের বাইরে কার্যালয়ের মূল গেট আগে থেকে তালাবদ্ধ ছিল। তা আমাদের জানা ছিল না।’
খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে বিএনপি তিন দিনের শোক ঘোষণা করেছে। এই তিন দিন অবরোধ কর্মসূচি চলবে কি না—এ প্রশ্নের জবাবে মওদুদ আহমদ বলেন, ‘অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।’
অবশ্য গতকাল সন্ধ্যায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে বলেছেন, খালেদা জিয়াকে সহানুভূতি জানাতে তাঁর গুলশান কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসাটা নিছকই ছলনা ছিল।
যাত্রাবাড়ীতে বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করায় নিন্দা জানিয়ে রিজভী বলেন, ‘কতখানি নিষ্ঠুর ও বিবেকশূন্য হলে একটি সরকার এই জঘন্য অপকর্মটি করতে পারে, তা দুনিয়াতে মনে হয় নজিরবিহীন। এই ভোটারবিহীন সরকার মনুষ্যত্বের বৈশিষ্ট্যগুলোকে জলাঞ্জলি দিয়েছে।’
বিবৃতিতে রিজভী আরও বলেন, ‘কোকোর মৃত্যুতে দেশনেত্রী খালেদা জিয়ার সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ করতে আসাটাকে আমরা ইতিবাচক অর্থেই গ্রহণ করেছিলাম। রাজনীতির বাইরে সামাজিক দায়িত্ববোধের তাগিদেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়াকে সমবেদনা জানাতে আসছেন বলে ধরে নিয়েছিলাম। কিন্তু খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় এটা সুস্পষ্ট যে কোকোর মৃত্যুর সংবাদে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে প্রধানমন্ত্রীর সহানুভূতি জানাতে আসাটা ছিল নিছকই ছলনা, একটি প্রহসনের মহড়ামাত্র। কোকোর জন্য প্রধানমন্ত্রীর সমবেদনা জানানোটা যেন কুমিরের কান্না।’