প্রধানমন্ত্রীকে যথোপযুক্ত সম্মান না দেখানো সঠিক হয়নি: মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, ‘গতকাল প্রধানমন্ত্রীকে যথোপযুক্ত সম্মান না দেখানো সঠিক হয়নি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ বিষয়ে একেবারেই অজ্ঞাত ছিলেন। তখন ছিলেন প্রায় অজ্ঞানের মতো। আমরা কেউ তাঁর সঙ্গে দেখা করার সুযোগ পাইনি।’
আজ রোববার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের মওদুদ আহমদ এসব কথা বলেন।
মওদুদ আহমদ বলেন, ‘তাঁর (খালেদা জিয়া) দরজা বন্ধ থাকার কারণে প্রধানমন্ত্রীর আসার কথাও তাঁকে বলা সম্ভবপর হয়নি। সিনিয়র সব নেতার মতামতের বাইরে মূল গেট আগে থেকে তালাবদ্ধ ছিল। তা আমাদের জানা ছিল না।’
এ সময় সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দেননি বিএনপির এ জ্যেষ্ঠ নেতা।
এর আগে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে খালেদা জিয়া উপস্থিত ছিলেন কি না, তা জানা যায়নি।