প্রধানমন্ত্রীকে রেখে ঐকমত্যের সরকার সম্ভব নয়: জোনায়েদ সাকী

বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহাল রেখে ঐকমত্যের সরকার গঠন সম্ভব নয়। সেটা দলীয় সরকারে পরিণত হবে। কেননা সংবিধান অনুসারে সরকারের সব ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে। তাই নির্বাচন সামনে রেখে সৃষ্ট সংকট মোকাবিলায় সব দলের ঐকমত্যের ভিত্তিতে নিরপেক্ষ সরকার গঠন করতে হবে।
আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে রাজনৈতিক সংকট-সংঘাত উত্তরণে নতুন জাতীয় সনদ প্রস্তাব করতে গণসংহতি আন্দোলন আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির কেন্দ্রীয় সমন্বয়কারী জোনায়েদ সাকী। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে যেকোনো মূল্যে নির্বাচন আয়োজনের কথা বলা হচ্ছে, তারা সংঘাতের আহ্বান জানাচ্ছে। বিএনপিও জাতির সামনে নতুন কোনো প্রস্তাবনা দিতে পারেনি। তাই সম্ভাব্য সংঘাত ঠেকাতে জামায়াত বাদে সব দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরির প্রস্তাব দেন তিনি।
জোনায়েদ সাকী আরও বলেন, দেশে একচেটিয়া কর্তৃত্ব কায়েম হয়েছে। যারা ক্ষমতায় যায়, তারাই এ কর্তৃত্ব ভোগ করে। তাই উত্তরণে নতুন রাজনৈতিক সনদ দরকার। অভিন্ন রাজনৈতিক ব্যবস্থায় সব দল যথাযথ ভূমিকা রাখতে পারবে। ক্ষমতার ভারসাম্য তৈরি করাই তাদের মূল লক্ষ্য।
বাম গণতান্ত্রিক জোট থেকে ঐকমত্যের উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। গণসংহতি আন্দোলনের সনদ প্রস্তাব তুলে ধরেন দলটির ভারপ্রাপ্ত নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। এতে বলা হয়, ক্ষমতার ভারসাম্য তৈরি করতে সংবিধান সংশোধন করতে হবে। এ ছাড়া সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালু করলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। নির্বাচন কমিশনসহ সব স্বাধীন কমিশনগুলোকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে। এসব কমিশনের আস্থা তৈরি করতে সময় লাগবে, তাই আগামী তিনটি নির্বাচনে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনকালীন সরকার গঠন করা যেতে পারে।