প্রধানমন্ত্রীকে শুধু ফুল দিয়ে অভিনন্দন জানাব : আশরাফ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুধু একটু ফুল দিয়ে অভিনন্দন জানানো হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেছেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, তিনি এ দেশের জন্য, দেশের মানুষের জন্য যে পরিশ্রম করে যাচ্ছেন, আমরা তাঁকে কিছু দিতে পারব না। শুধু একটু ফুল দিয়ে অভিনন্দন জানাব।’
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মিরপুর কাফরুলে ৪ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় সৈয়দ আশরাফ এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর ৭০তম জন্মদিন উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আগামীকাল শুক্রবার বিকেল ৫টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কথা রয়েছে।
সৈয়দ আশরাফ বলেন, ‘বাঙালি জাতি শেখ হাসিনার হাত থেকে যা পেয়েছে, অন্য কেউ তা দিতে পারেনি। তিনি পরিশ্রম করে যাচ্ছেন। দিন–রাত পরিশ্রম করে যাচ্ছেন।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের আর সম্পর্ক থাকতে পারে না। ভবিষ্যতে বাংলার মানুষ ভেবে দেখবে, একাত্তরের হত্যাকারীদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখবে কি না।
স্বরাষ্ট্রমন্ত্রী ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘শেখ হাসিনাকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছিল। তাই তাঁর নিরাপত্তার বিষয়টি সব সময় আমাদের মনে রাখতে হবে। আপনাদের অনুরোধ করছি, আগামীকাল নেত্রীর নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী যে নির্দেশনা দেবে তা মানার জন্য। শেখ হাসিনার বিকল্প শুধু শেখ হাসিনাই।’
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমত উল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফারুক খান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।
আলোচনা সভা শেষে শেখ হাসিনার মঙ্গল কামনায় এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।