প্রধানমন্ত্রীকে ১০ লাখ গণস্বাক্ষর হস্তান্তর করবে ছাত্র ইউনিয়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা বর্ষবরণের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘটিত নারী লাঞ্ছনার ঘটনার দুই মাসেও জড়িত ব্যক্তিরা গ্রেপ্তার না হওয়ায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। এ ঘটনাসহ সারা দেশে অব্যাহতভাবে নারী ও শিশুর ওপর যৌন-সন্ত্রাসের প্রতিবাদে এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারসহ ছয় দফা দাবিতে সংগঠনটি ১০ লাখ মানুষের স্বাক্ষর নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে গণপদযাত্রা করবে।
গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লাকী আক্তার এ ঘোষণা দেন। ঘোষণা অনুযায়ী, ১৪ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে পদযাত্রা করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গণস্বাক্ষর হস্তান্তর এবং ১৬ জুন রাজু ভাস্কর্যে নিপীড়নবিরোধী কনসার্ট হবে।