প্রধানমন্ত্রীকে 'ভাষা ব্যবহারে যত্নশীল' হতে বললেন তারেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ‘ভাষা ব্যবহারে যত্নশীল’ হতে এবং দলের নেতাদের ‘অপপ্রচার’ থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন।
তারেক রহমান বলেছেন, ‘অপপ্রচার’ ও ‘মিথ্যাচার’ বন্ধের কাজটি আওয়ামী লীগকেই আগে শুরু করতে হবে। কারণ অপপ্রচারের কাজটি তারাই আগে শুরু করেছিল।
গতকাল শনিবার এক বিবৃতিতে এসব কথা বলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান।
বিবৃতিতে তারেক রহমান দাবি করেন, তথ্য-উপাত্তের ভিত্তিতেই তিনি বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভিন্ন সময়ে বক্তব্য দিয়েছেন, যা তাঁর মনগড়া নয়। তাঁর কোনো বক্তব্য ভুল প্রমাণিত হলে এবং এর বিপরীতে দলিল-প্রমাণসহ প্রকৃত তথ্য উপস্থাপিত হলে তিনি সেটি শুধরে নিতে দ্বিধা করবেন না। তারেক অভিযোগ করেন, তাঁর বক্তব্যের যুক্তিসংগত ব্যাখ্যা না দিয়েই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কতিপয় নেতা তাঁদের বিরুদ্ধে ক্রমাগত ‘অশ্লীল ও অশোভন’ উক্তি করছেন।
বঙ্গবন্ধুকে ‘রাজাকার’ বললেন তারেকউল্লেখ্য, তারেক রহমান লন্ডনে দেওয়া তাঁর সাম্প্রতিক বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজাকার’, ‘খুনি’ ও ‘পাকবন্ধু’ বলে মন্তব্য করেন। সেখানে তিনি তাঁর পিতা জিয়াউর রহমানকে বাংলাদেশের ‘স্বাধীনতার ঘোষক’ এবং ‘প্রথম রাষ্ট্রপতি’ বলে দাবি করেন।
তারেক রহমান তাঁর মা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী দাবি করে বলেন, শেখ হাসিনা প্রায়শই তাঁর মায়ের সম্পর্কে অশোভন মন্তব্য করেন। তিনি বলেন, ‘১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে আমার বাবা যখন মুক্তিযুদ্ধের রণাঙ্গনে পাকিস্তানি শত্রুর বিরুদ্ধে লড়াই করছেন, তখন আমরা ছোট্ট দুই ভাই মায়ের আশ্রয়ে এক অনিশ্চিত গন্তব্যে। কিন্তু দেখা যায়, খোদ শেখ হাসিনা এবং তাঁর দলের কতিপয় নেতা এ-সম্পর্কে নির্দ্ধিধায় অশালীন ও অরুচিকর মন্তব্য করেন।’
বিবৃতিতে আরও বলা হয়, যুক্তি ও তথ্যপ্রমাণসহ উপস্থাপিত সব তথ্যই আওয়ামী লীগের চোখে ‘অপপ্রচার’ বলে গণ্য হচ্ছে। আওয়ামী লীগ যদি মনে করে, এসব বন্ধ হওয়া দরকার তাহলে তাদেরই আগে ‘অপপ্রচার’ বন্ধ করতে হবে।
আওয়ামী লীগ যখনই ক্ষমতায় গিয়েছে ইতিহাস পাল্টে দেওয়ার চেষ্টা করেছে—অভিযোগ করে তারেক বলেন, ‘ইতিহাসকে আপন গতিতে চলতে দিন। নিজের স্বার্থে সেটিকে বাধাগ্রস্ত করবেন না। ইতিহাসকে আদালতের কাঠগড়ায় তুলবেন না।’
তারেক বলেন, রাজনীতি হওয়া উচিত দেশ ও জনগণের উন্নয়নের জন্য কিন্তু বরাবরই শেখ হাসিনা তাঁর রাজনৈতিক শক্তি ও সমর্থনকে ব্যক্তিগত রেষারেষি এবং প্রতিহিংসায় পরিণত করেন।