প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভা
প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুর আগমনকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা ছাত্রলীগের উদ্যাগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজ মাঠে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
১৪ মার্চ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার লক্ষ্মীপুর সফর করার কথা রয়েছে। তিনি জেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বক্তব্য দেবেন।
গতকালের প্রস্তুতি সভায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর সমাবেশকে ঘিরে ছাত্রলীগের নেতা-কর্মীদের সুশৃঙ্খলভাবে কাজ করতে হবে। ছাত্রলীগের নেতা-কর্মীদের মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী। সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক রাকিব হোসেন।
সভায় ছাত্রলীগের নেতারা বলেন, জেলার প্রতিটি ইউনিট থেকে ৫৫ হাজার নেতা-কর্মী ১৪ মার্চের সমাবেশে উপস্থিত থাকবেন।
সভায় শুভেচ্ছা বক্তব্য দেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ, কৃষিবিষয়ক সম্পাদক আবদুল মতলব, নোয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি ইবনে ওয়াজেদ, লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম প্রমুখ।