প্রধানমন্ত্রীর আমিরাত সফর ব্যর্থ, দাবি ফখরুলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফরে কোনো সফলতা নেই বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ওই সফর ফেল। শুধু ফটোসেশন হয়েছে। কারণ, এই সফরে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার ব্যাপারে কোনো চুক্তি হয়নি। নারী গৃহকর্মী নেওয়ার ব্যাপারে যে চুক্তির কথা বলা হচ্ছে তা আগে থেকেই ছিল।
আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘২৮ অক্টোবর: ট্র্যাজেডি ২০০৬—রুখে দাঁড়াও আওয়ামী জাহেলিয়াত’ শীর্ষক এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।
২০০৬ সালে তৎকালীন বিএনপি-জামায়াত সরকারের শেষের দিকে এই দিনে রাজধানীর পল্টনে আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ হতাহত হয়। দিনটি স্মরণে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ওই আলোচনা সভার আয়োজন করে। 
মির্জা ফখরুল বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর একটি কালো দিন। ওই দিন থেকেই বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষের শক্তিকে ধ্বংস করে তাঁবেদার সরকার প্রতিষ্ঠার ষড়যন্ত্র শুরু হয়। এরই অংশ হিসেবে পরবর্তীকালে এক-এগারোর সৃষ্টি হয়। 
মির্জা ফখরুল অভিযোগ করেন, আওয়ামী লীগ একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটের কারণে তারা তা সরাসরি ঘোষণা না দিয়ে সবগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করতে চায়। এর মাধ্যমে আইনগতভাবে তারা সবকিছু নিয়ন্ত্রণে নিতে চায়। এর অংশ হিসেবে সম্প্রচার নীতিমালা ও বিচারপতিদের অভিশংসনে আইন করা হয়েছে বলে দাবি করেন তিনি।

বর্তমান সরকারকে দানব আখ্যা দিয়ে ফখরুল বলেন, ফ্যাসিস্ট সরকারকে প্রতিহত করতে আন্দোলনের বিকল্প নেই।

জাগপার সভাপতি শফিউল আলম প্রধানের সভাপতিত্বে অন্যদের মধ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, এনপিপির সভাপতি ফরিদুজ্জামান ফরহাদ প্রমুখ বক্তব্য দেন।