প্রধানমন্ত্রীর আমিরাত সফর ব্যর্থ: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব-আমিরাত (ইউএই) সফরে কোনো সফলতা নেই বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ওই সফর ব্যর্থ। শুধু ফটোসেশন হয়েছে। কারণ এই সফরে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার ব্যাপারে কোনো চুক্তি হয়নি। নারী গৃহকর্মী নেওয়ার ব্যাপারে যে চুক্তির কথা বলা হচ্ছে, তা আগে থেকেই ছিল।
গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘২৮ অক্টোবর: ট্র্যাজেডি ২০০৬ রুখে দাঁড়াও আওয়ামী জাহেলিয়াত’ শীর্ষক এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।
২০০৬ সালে এই দিনে রাজধানীর পল্টনে জামায়াতের সঙ্গে আওয়ামী লীগসহ ১৪-দলীয় জোটের কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন হতাহত হয়। দিনটি স্মরণে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) গতকাল এ আলোচনা সভার আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর একটি কালো দিন। ওই দিন থেকেই বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষের শক্তিকে ধ্বংস করে তাঁবেদার সরকার প্রতিষ্ঠার ষড়যন্ত্র শুরু হয়। এরই অংশ হিসেবে পরবর্তী সময়ে এক-এগারোর সৃষ্টি হয়।