প্রধানমন্ত্রীর আশা, খালেদা আত্মসমর্পণ করবেন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গ্রেপ্তারি পরোয়ানা মোতাবেক আদালতে আত্মসমর্পণ করবেন বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের হরতাল-অবরোধে অগ্নিদগ্ধ ও ক্ষতিগ্রস্ত মানুষের হাতে আর্থিক সহায়তা দেওয়ার সময় এ আশা প্রকাশ করেন।
এ সময় প্রধানমন্ত্রী অগ্নিদগ্ধ হয়ে নিহত চারজনের পরিবার, আহত ৩৩ ব্যক্তি এবং ক্ষতিগ্রস্ত ১৯৯টি বাস-ট্রাকসহ অন্যান্য যানবাহনের মালিকের হাতে ৫ কোটি ৪২ লাখ ৮ হাজার টাকার চেক তুলে দেন। খবর বাসসের।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আশা করি যে বিএনপি নেত্রী আইন-আদালত মানবেন। তাঁর বিরুদ্ধে জারিকৃত পরোয়ানা অনুযায়ী তিনি ভদ্রলোকের মতো আদালতে আত্মসমর্পণ করবেন। এটাই ভদ্রলোকের নিয়ম। অন্যথায় জনগণ তাঁকে ছেড়ে দেবে না এবং তিনি জনগণের সামনে যেতে পারবেন না।’
ধ্বংসাত্মক রাজনীতি বন্ধে খালেদা জিয়ার প্রতি তাঁর আহ্বান পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির নেত্রী বাংলাদেশকে ধ্বংসের পথে নিতে চান।

শেখ হাসিনা বলেন, ‘খালেদা জিয়া আইন-আদালত কিছুই মানেন না। ওনার দুর্নীতির মামলার ৬৭ বার হাজিরার তারিখ ছিল। কিন্তু উনি মাত্র সাতদিন আদালতে গিয়েছেন। অধিকাংশ দিন আদালতে হাজির না হয়ে উনি মূলত আদালত অবমাননা করেছেন। এ ছাড়া বিএনপি নেত্রী তাঁর ক্যাডারদের নিয়ে আদালতে গিয়ে আদালতের কাছে আইনজীবীদের লাঞ্ছিত করে ও গাড়ি পুড়িয়ে আদালতের মর্যাদা ক্ষুণ্নের চেষ্টা করেছেন।’
মানুষ পুড়িয়ে হত্যার জন্য বিএনপি-জামায়াত চক্রের তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘ওদের মানবিক কোনো অনুভূতি নেই। ওরা মানুষের অভিশাপে ধ্বংস হয়ে যাবে।’ তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত চক্র আড়াই মাস ধরে হরতাল ও অবরোধ দিয়ে এবং অগ্নি হামলার মাধ্যমে জনগণের জীবন দুর্বিষহ করে তুলেছে। এই চক্রের নৃশংস হামলায় অনেক মানুষ প্রাণ হারিয়েছে। অনেকে পঙ্গু এবং অনেকে নিঃস্ব হয়েছে।’