প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী ইসি হবে: ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন নির্বাচন কমিশন গঠনের বিষয়ে বলেছেন, ‘অনেকে বলছেন, যা ঠিক করে রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তা-ই হবে।’ তিনি আশা করেন, রাষ্ট্রপতি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন। যদি সেটি করতে পারেন, তাহলে তাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। না হলে ইতিহাসের কলঙ্কজনক অধ্যায়ে স্থান হবে।
গতকাল শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সার্চ কমিটিতে সরকারের সঙ্গে সরাসরি সম্পর্ক, সরকারি সুবিধাপ্রাপ্ত, সরকারি কাজে নিয়োজিত এমন লোকও রয়েছেন; যাঁরা নিরপেক্ষ সিদ্ধান্ত নিতে পারেন না। তারপরও বিএনপি মেনে নিয়েছে, অনুসন্ধান কমিটির কাছে নাম দিয়েছে। এর একটিমাত্র কারণ, বিএনপি গণতন্ত্রকে সুসংহত অবস্থায় দেখতে চায়। তিনি বলেন, রাষ্ট্রপতি কোনো দলের নেতা নন। তাঁর উচিত ছিল সব নিবন্ধিত দলকে সংলাপে ডাকা, কিন্তু তা করা হয়নি। বিএনপি আশা করে ভবিষ্যতে বিষয়টি রাষ্ট্রপতি বিবেচনা করবেন।
আদালত যেন যুদ্ধক্ষেত্র
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার বিচারকে ঘিরে নিরাপত্তার কড়াকড়ির সমালোচনা করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘যেদিন মামলা চলে, মনে হয় যেন যুদ্ধক্ষেত্র। চতুর্দিকে র্যাব-পুলিশ-আর্মড পুলিশ ব্যাটালিয়ন। বন্দুক-টন্দুক নিয়ে, জলকামান-প্রিজন ভ্যান নিয়ে এমনভাবে থাকে, যেন পৃথিবীর সবচেয়ে বড় টেররিস্টকে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে।’ তিনি বলেন, ‘এটা কোন ধরনের রাজনীতি? যিনি তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, কোনো দিন পরাজিত হননি, সেই নেতাকে যখন আপনি এভাবে অপমান করেন, তখন মিসরের সিসিও লজ্জা পান।’
মির্জা ফখরুল বলেন, ৪৩টা টিভি চ্যানেল, অসংখ্য পত্রিকা। সত্য কথাগুলো লিখতে অনেকেই সাহস পাচ্ছে না। তিনি বলেন, ‘এখন সরকার তো আওয়ামী লীগ চালায় না, সরকার চালাচ্ছে পোশাকধারী লোকেরা। তারা আজকে সবকিছু নিয়ন্ত্রণ করছে।’