প্রধানমন্ত্রীর কথাতেই পরিষ্কার, বাংলাদেশ কিছু পায়নি: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত সফরে বাংলাদেশ কিছুই পায়নি বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘পানি মাঙ্গা লেকিন ইলেকট্রিসিটি মিলা, আচ্ছাই হে। কুছ তো মিলা’—প্রধানমন্ত্রীর এ কথাতেই পরিষ্কার হয়ে গেছে বাংলাদেশ কিছুই পায়নি। শুধু পয়সার বিনিময়ে বিদ্যুৎ পাবে।

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের আগে গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক প্রতিবাদ সমাবেশে মির্জা ফখরুল ইসলাম এ কথা বলেন। আগের দিন সোমবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি। গতকাল দলটি জানিয়েছে, আজ বুধবার বেলা সাড়ে চারটায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সংবাদ সম্মেলন ডেকেছেন।

 বিএনপির সূত্র জানায়, গত রাতে বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির দুজন সদস্যসহ দলের কয়েকজন শুভাকাঙ্ক্ষী খালেদা জিয়ার সঙ্গে তাঁর গুলশানের কার্যালয়ে বৈঠক করেছেন। সেখানে ভারত সফরে স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতার নানা দিক এবং প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের ওপর একটি খসড়া তৈরি করা হয়।

গতকালের সমাবেশে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী ভারত সফর করে এসেছেন। সেখানে তিনি কী খেয়েছেন, কী দেখেছেন, সবই পত্রিকায় এসেছে। তবে সব গণমাধ্যমে একটি সুর উঠে এসেছে যে তাঁর সফরে বাংলাদেশের আশা পূরণ হয়নি। তিস্তার পানির বিষয়ে ন্যূনতম যে ব্যাপারটি ছিল, সেটিও বাংলাদেশ পেল না।’

একই সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রশ্ন তোলেন, ‘৪৬ বছর পর বাংলাদেশ কি সব ব্যাপারে সক্ষমতা হারিয়ে ফেলেছে? আমার সক্ষমতার জন্য প্রত্যেকটি ক্ষেত্রে ভারতের সহযোগিতা লাগবে? ভারতের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, মতামত লাগবে? অথচ আমাদের জীবনমান তাদের চেয়ে উন্নত।’

নেতিবাচক কিছু দেখছে না জাপা

প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তা চুক্তি না হওয়া ছাড়া নেতিবাচক কিছু দেখছেন না জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, ‘বহুল প্রত্যাশিত তিস্তার পানিবণ্টন চুক্তি না হওয়ায় জনগণের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে। চূড়ান্ত পর্যায়ে গিয়েও চুক্তি হয়নি। তবে ভারতের প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন, তাঁর শাসনামলেই তিস্তা চুক্তি হবে। এটি ইতিবাচক দিক। আমরা তাঁর প্রতিশ্রুতিতে আশ্বস্ত হতে চাই।’

সিপিবির অসন্তোষ

ভারত সফরে ন্যূনতম প্রত্যাশা পূরণ না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। এক বিবৃতিতে দলের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ বলেন, তিস্তাসহ দুই দেশের অভিন্ন নদীর পানির হিস্যা, বাণিজ্য ঘাটতি দূর, টিপাইমুখ বাঁধ নির্মাণ বন্ধ, রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিল এবং সীমান্তে মানুষ হত্যা বন্ধ করার বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপের ঘোষণা না থাকায় বাংলাদেশের জনগণ প্রচণ্ডভাবে হতাশ হয়েছে।