প্রধানমন্ত্রীর কাছ থেকে সাহস পাচ্ছে বদরুলরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, খাদিজা বেগমের ওপর হামলাকারী বদরুলরা প্রধানমন্ত্রীর কাছ থেকে সাহস পাচ্ছে। কারণ তারা দেখছে, প্রধানমন্ত্রী দেশের মানুষের মতামত না নিয়ে গায়ের জোরে দেশ চালাচ্ছেন। সে জন্য ছাত্রলীগের কর্মীরা সাহস পাচ্ছে। তারা যা ইচ্ছে তাই করছে।

আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেন। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মুক্তি দাবিতে জাতীয়তাবাদী যুবদল এর আয়োজন করে।

গণতন্ত্র নেই বলেই সন্ত্রাস মাথাচাড়া দিয়ে উঠছে—এ মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘গণতন্ত্র নেই বলেই ছাত্রলীগের নেতা বদরুলরা খাদিজা বেগমকে কুপিয়ে আহত করার সাহস পায়। গণতন্ত্রহীন দেশে কখনো সুশাসন থাকতে পারে না, আইনের শাসন থাকতে পারে না। আজ দেশে আইনের শাসন নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে।’

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আওয়ামী লীগের নেতা-কর্মীরা টেন্ডার-চাঁদাবাজি, দখল, খুনসহ সবকিছুতে নিমজ্জিত হয়ে গেছেন। সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই। খাদিজা বেগমকে নির্মমভাবে কুপিয়ে আহত করা হয়েছে। তিনি এখন মৃত্যুর সঙ্গে লড়ছেন। এত জঘন্য কাজ করা একমাত্র ছাত্রলীগের নেতাদের দ্বারাই সম্ভব।’

হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়া খাদিজাকে দেখতে গিয়ে মহিলা আওয়ামী লীগের নেত্রীদের সেলফি তোলার সমালোচনা করেন সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন। তিনি বলেন, ঘটনার প্রতিবাদ না জানিয়ে মহিলা লীগের এমপিরা আহত মেয়েটির পাশে দাঁড়িয়ে সেলফি তুলেছেন। এই হচ্ছে আওয়ামী লীগের মানসিকতা।

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে সবার সঙ্গে আলোচনার দাবি করে খন্দকার মোশাররফ বলেন, এমনভাবে কমিশন পুনর্গঠন করতে হবে, যেন সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন হয়। এ জন্য ইসিকে শক্তিশালী ও নিরপেক্ষ হতে হবে। তিনি সরকারের উদ্দেশে বলেন, ৫ জানুয়ারির মতো আবারও নির্বাচনের চেষ্টা করা হলে জনগণ মেনে নেবে না। তিনি রামপাল ও রূপপুর বিদ্যুৎকেন্দ্রকে জাতীয় স্বার্থবিরোধী বলে মন্তব্য করেন।

যুবদলের সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, আবদুস সালাম আজাদ, মীর নেওয়াজ আলী প্রমুখ।