প্রধানমন্ত্রীর কাছ থেকে সাহস পাচ্ছে বদরুলেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘খাদিজা বেগমের ওপর হামলাকারী বদরুলরা প্রধানমন্ত্রীর কাছ থেকে সাহস পাচ্ছে। কারণ তারা দেখছে, প্রধানমন্ত্রী দেশের মানুষের মতামত না নিয়ে গায়ের জোরে দেশ চালাচ্ছেন। সে জন্য ছাত্রলীগের কর্মীরা সাহস পাচ্ছে। তারা যা ইচ্ছে তাই করছে।’
গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেন। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মুক্তি দাবিতে জাতীয়তাবাদী যুবদল এই সমাবেশের আয়োজন করে।
গণতন্ত্র নেই বলেই সন্ত্রাস মাথাচাড়া দিয়ে উঠছে—এ মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘গণতন্ত্র নেই বলেই ছাত্রলীগের নেতা বদরুলরা খাদিজা বেগমকে কুপিয়ে আহত করার সাহস পায়। গণতন্ত্রহীন দেশে কখনো সুশাসন থাকতে পারে না, আইনের শাসন থাকতে পারে না। আজ দেশে আইনের শাসন নেই।’