বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক সফরের কোনো যৌক্তিকতা নেই। তা ছাড়া, ১৮০ জনের বিশাল বহর নিয়ে জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দেওয়া রাষ্ট্রীয় অর্থের অপচয়।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল সোমবার হরতাল-পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এসব কথা বলেন।
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত রোববার রাতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এই সরকার ‘অবৈধ’ ও ‘অনৈতিক’। প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকা সরকার রাষ্ট্রীয় কোষাগারের টাকা অপচয় করছে। এটা ক্ষমতার যথেচ্ছ ব্যবহারের নিদর্শন। এই সফরের কোনো যৌক্তিকতা নেই। বিএনপি এর নিন্দা জানাচ্ছে। তিনি বলেন, ‘অবৈধ’ সরকারের প্রধানমন্ত্রী ১৮০ জন সফরসঙ্গী নিয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গেছেন। অতীতে আর কখনো এত বেশি লোক নেওয়া হয়নি। সফরে নয়জন মন্ত্রী তাঁদের স্ত্রীসহ গেছেন। প্রধানমন্ত্রীর আত্মীয়স্বজনেরাও আছেন। ভুয়া মুক্তিযোদ্ধা সনদ নেওয়া সচিবও আছেন। এটা ক্ষমতার অপব্যবহারের নিদর্শন।
বিচারপতিদের অভিশংসন-সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনীর প্রতিবাদে বিএনপির নেতৃত্বাধীন জোট আবারও কর্মসূচি দেবে কি না, এই প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ভবিষ্যতে জানানো হবে। আজ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া ও পরে জামালপুরে জনসভা আছে, এগুলো শেষ হওয়ার পর।