প্রধানমন্ত্রীর নির্দেশ মানেনি যুবলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর নির্দেশের পরও রাজধানীর বিভিন্ন স্থানে বিলবোর্ডে যুবলীগের নেতাদের টাঙানো অনেক ব্যানার সরানো হয়নি। এমনকি প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন থেকে তাঁর কার্যালয়ে যাওয়ার পথে বিজয় সরণিতে টাঙানো ব্যানারটিও রয়ে গেছে।
গতকাল সোমবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ, বঙ্গভবনের সামনের সড়ক, মতিঝিল, পল্টন মোড়, নাইটিংগেল মোড়, শান্তিনগর, বিজয় সরণি, মহাখালীতে যুবলীগের কেন্দ্রীয়, মহানগর ও থানা পর্যায়ের নেতাদের টাঙানো ব্যানার বিলবোর্ডে চোখ পড়েছে। এসব ব্যানারে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করা এবং প্রধানমন্ত্রী, যুবলীগের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতাদের শুভেচ্ছা জানানো হয়েছে।
যুবলীগের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংগঠনের চেয়ারম্যান ওমর ফারুককে বিলবোর্ডের ব্যানার নামিয়ে ফেলার নির্দেশ দেন। এরই পরিপ্রেক্ষিতে ওমর ফারুক গত রোববারের মধ্যে সারা দেশে সব ব্যানার নামিয়ে ফেলার জন্য সংগঠনের নেতা-কর্মীদের নির্দেশ দেন। গত রোববার ঢাকায় অনেক নেতাই তাঁদের টাঙানো ব্যানার নামিয়ে ফেলেন। কিন্তু এর পরও গতকাল সরেজমিন ঘুরে দেখা গেছে প্রধানমন্ত্রীর নির্দেশ সংগঠনের সব নেতা মানেননি।
এ বিষয়ে জানতে চাইলে যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। অনেক স্থানে ব্যানার সরানোও হয়েছে। তবে কিছু এখনো রয়ে গেছে। শিগগিরই তা নামানো হবে।
গতকাল বিকেলে বিজয় সরণিতে গিয়ে দেখা গেল যুবলীগের সাংগঠনিক সম্পাদক এস এম জাহিদের ছবিসংবলিত বিশাল একটি বিলবোর্ড শোভা পাচ্ছে। এই পথেই প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে যাতায়াত করেন।
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে অন্তত আটটি বিলবোর্ড চোখে পড়েছে। এই কেন্দ্রীয় কার্যালয়েই যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ও অবস্থিত।
কার্যালয়ের পূর্ব পাশে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ঘিরে পাঁচটি বিলবোর্ড চোখে পড়েছে। যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক উল্লেখ করে ইব্রাহিম খলিল মারুফ, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক ও আবু হান্নান সিদ্দিকী, মতিঝিল থানা কমিটির নেতা খালেদ মাহমুদ ভুঁইয়া এই বিলবোর্ডে ব্যানারগুলো টাঙিয়েছেন। এর মধ্যে খালেদ মাহমুদ অন্য একটি বিজ্ঞাপনের ওপর নিজের ছবিসংবলিত ব্যানারটি স্থাপন করেছেন।
নাইটিংগেল মোড়ে দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন সম্রাট ও সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেনের ছবিসংবলিত একটি বড় ব্যানার এখনো রয়ে গেছে। কাকরাইল থেকে শান্তিনগরের দিকে যেতে আরও একটি ব্যানার চোখে পড়ে। এ ছাড়া মহাখালী ও বাড্ডা থানা যুবলীগের দুটি ব্যানার দেখা গেছে। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের ছবি রয়েছে। বিলবোর্ডের ব্যানারে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানানো হয়েছে।