প্রধানমন্ত্রীর প্রতি বিএনপির আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বিদেশে বসে ষড়যন্ত্র করছেন বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অভিযোগ করেছেন তা মনগড়া, আজগুবি বলে দাবি করেছে বিএনপি। দলটি এ ধরনের ‘অসত্য’ প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

আজ শুক্রবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন এই আহ্বান জানান। রিপন বলেন, বিএনপির চেয়ারপারসন চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন। সরকার কতটা অমানবিক হলে বিএনপির চেয়ারপারসনের প্রতি এ ধরনের মন্তব্য করতে পারেন। মানুষ এসব অপরাজনীতি ঘৃণাভরে প্রত্যাখ্যান করে।
বিএনপির মুখপাত্র বলেন, ‘আওয়ামী লীগ সভানেত্রী গত কয়েক দিন ধরেই সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ‘বিদেশে বসে ষড়যন্ত্র করার’ আজগুবি, ভিত্তিহীন অভিযোগ করে আসছেন। তার তীব্র প্রতিবাদ আমরা জানিয়েছি এবং আবারও তার প্রতিবাদ করছি। সরকার প্রধানের পক্ষ থেকে এ ধরনের হাস্যকর অভিযোগ রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না বলে আমরা মনে করি।’
আসাদুজ্জামান বলেন, বিএনপি গণতন্ত্র পন্থায় রাজনীতি করে। জ্বালাও পোড়াও রাজনীতির সঙ্গে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই। সরকারের লোকেরাই বিগত আন্দোলনে নানা জায়গায় পেট্রল-বোমা-অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে এবং বিভিন্ন স্থান থেকে তারা ধরাও পড়েছে। ‘সেন্টার ফর ন্যাশনাল স্টাডিজ’ নামের একটি সংগঠন তাদের প্রকাশনায় এ ব্যাপারে সরকার দলীয়দের সংশ্লিষ্টতার ঘটনাগুলো তুলে ধরেছে। কিন্তু এ ব্যাপারে সরকার নিশ্চুপ রয়েছেন।