প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে মতবিনিময়
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত সিরাজগঞ্জের উন্নয়ন প্রকল্পসমূহের কাজের অগ্রগতি, চলমান আর্থসামাজিক উন্নয়ন-বিষয়ক এক মতবিনিময় সভা হয়েছে। জেলার সব গণমাধ্যম-প্রতিনিধিদের সঙ্গে এ মতবিনিময় সভা হয়। সিরাজগঞ্জ অফিসার্স ক্লাব মিলনায়তনে গতকাল বুধবার সকালে এ সভায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ (সদর-কামারখন্দ) আসনের সাংসদ হাবিবে মিল্লাত।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি মো. তফিজ উদ্দীনের সভাপতিত্বে এ সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন রফিকুল আলম খান, ফজল-এ-খোদা, আবদুল কুদ্দুস, মোস্তফা কামাল, নুরুল ইসলাম, ফেরদৌস রবিন, ফেরদৌস হাসান, হেলাল আহমেদ, এনামুল হক, ইসরাইল হোসেন, আমিনুল ইসলাম, জাকিরুল ইসলাম, হীরক গুণ প্রমুখ।
সভায় সাংসদ হাবিবে মিল্লাত তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত বিভিন্ন উন্নয়নমূলক কাজের বর্ণনা দিয়ে বলেন, সিরাজগঞ্জে যমুনা নদী খনন করে ভাঙনরোধ, বন্ধ কওমি জুট মিল (বর্তমানে বাংলাদেশ জুট মিল) চালু করে বেকার সমস্যার সমাধান, কাটা খাল পুনর্খনন করে দৃষ্টিনন্দন করা, শিল্পপার্ক, অর্থনৈতিক জোন স্থাপন, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ স্থাপনসহ কাজগুলো বাস্তবায়নের পথে রয়েছে। এ ছাড়া সব সড়ক পাকাকরণ ও মেরামতে দরপত্র আহ্বান করা হয়েছে। এসব কাজে তিনি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।
উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোস্তফা কামাল খান, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আনোয়ার হোসেন, বিএমএ সভাপতি জহুরুল হক, কৃষক লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান প্রমুখ।
সভায় জেলার টেলিভিশন ও পত্রিকার সব সাংবাদিক-কর্মী উপস্থিত ছিলেন।