প্রধানমন্ত্রীর ফিরে আসায় ক্ষুব্ধ সাংসদেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢুকতে না দেওয়ার ঘটনাকে শিষ্টাচারবহির্ভূত বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সরকারি ও বিরোধী দলের সাংসদেরা। আজ রোববার সংসদে অনির্ধারিত আলোচনায় তাঁরা বলেছেন, এ অপমান মানবতার।

সাংসদেরা বলেন, খালেদা জিয়াকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল বলে বিএনপি থেকে যে দাবি করা হয়েছে, তা সঠিক নয়।
খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমানের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শনিবার খালেদা জিয়াকে সমবেদনা জানাতে তাঁর গুলশানের কার্যালয়ে গিয়েছিলেন। তবে তাঁকে ওই কার্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি। আজকের আলোচনার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে উপস্থিত ছিলেন না।
অনির্ধারিত এ আলোচনার শুরু করেন সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তাঁকে সমবেদনা জানাতে গেলেন। আমরা আশান্বিত হয়েছিলাম। অথচ তাঁকে ঢুকতে দেওয়া হলো না। এটা শিষ্টাচারবহির্ভূত। ভিতরে মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া তো ছিলেন। তাঁরা তো কথা বলতে পারতেন। এই শিষ্টাচার নিয়ে আমরা কীভাবে রাজনীতি করব?’
রওশন এরশাদ আরও বলেন, সবাই আশা করেছিল একটা সমাধান আসবে। দুই নেত্রী কথা বললে কিছু একটা হতো। কিন্তু গেটে তালা দেখে দেশ-জাতি এতে অত্যন্ত মর্মাহত হয়েছে।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘অপাত্রে ঘৃত দান করতে নেই। অপাত্রে দান করা অনেক সময় বিপজ্জনক হয়ে যেতে পারে। রাষ্ট্রের সম্পদ পাচারকারী দণ্ডিত একজন অপরাধীর মৃত্যুতে সমবেদনা জনাতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী-মন্ত্রীরা। প্রধানমন্ত্রী রাষ্ট্রধর্ম ছেড়ে মানবধর্মে উদ্বুদ্ধ হয়ে খালেদা জিয়াকে সমবেদনা জানাতে গিয়েছিলেন। কিন্তু তাঁকে ঢুকতে দেওয়া হয়নি। কিছুক্ষণ পর যে ব্যাখ্যা দেওয়া হলো, সেটা কেউ গ্রহণ করবে না।’
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘রাজধর্ম পালন করতে গেলে অনেক কঠোর হতে হয়। সেখানে রাগ-অনুরাগের সুযোগ নেই। বাঙালি বঙ্গবন্ধুকেও ক্ষমা করেনি। যারা ৩৩ জনকে আগুনে পুড়িয়ে মারতে পারে। তাদের কাছে মানবতাবোধ আশা করা যায় না। সে জন্যই বলতে হয়, “এমুকের কাজ ওমুকে করেছে...,” বাকি অংশ আর বললাম না।’
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী একজন পুত্রহারা মাকে সমবেদনা জানাতে গিয়েছিলেন। তাঁকে ঢুকতে দেওয়া হয়নি। অথচ ভিতরে ওখানে জমির উদ্দিন সরকার, মওদুদ আহমদেরা ছিলেন। আমি নিজে দরজার কাছে গেলাম, শিমুল বিশ্বাসকে দেখলাম, কথা বললাম। গেট বন্ধ। তিনি বললেন, ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। দেখা করা সম্ভব নয়। অবাক হয়েছি, ছেলের মৃত্যুর পর তিনি কীভাবে ৩৬ ঘণ্টা হরতাল দিলেন? সন্ত্রাসী কাজে, নাশকতায় আরও অনেক মায়ের কোল খালি হয়ে গেছে। অন্য মায়ের ব্যথা খালেদা জিয়া বুঝতে পারেন বলে আমার মনে হয় না।’
ফজলুল করিম সেলিম বলেন, ‘আরাফাত রহমানের মৃত্যুতে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। এটা আমাদের সামাজিক রীতি। প্রধানমন্ত্রী নামলেন। পাঁচ-সাত মিনিট অপেক্ষা করলেন। কেউ ভিতর থেকে আসলেন না। সন্তানহারা মা অসুস্থ হতে পারেন। অন্যরা তো ছিলেন। শিষ্টাচার থাকলে কেউ এ কাজ করতে পারে না। গেট আটকে দেবে, এ কোন ধরনের আচরণ।’
শেখ সেলিম আরও বলেন, ‘প্রধানমন্ত্রী চলে আসার পর শিমুল বিশ্বাস শোকবই নিয়ে আসল। আরে! প্রধানমন্ত্রী কি রাস্তায় দাঁড়িয়ে শোকবইতে সই করবেন? আগে তো ঘরে ঢুকতে দিবি, বসতে দিবি। ইনজেকশন দিলে তো সারা রাতই ঘুমানোর কথা। অথচ প্রধানমন্ত্রী চলে আসার আধঘণ্টা পর খালেদা জিয়া প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন। কোনো চিকিৎসককে তো দেখা যায়নি, কে তাঁকে ইনজেকশন দিল, শিমুল বিশ্বাস দিল?’
শেখ সেলিম বলেন, কেন প্রধানমন্ত্রীকে ঢুকতে দেওয়া হলো না। সেখানে কি সন্ত্রাসী, জ​ঙ্গি, পেট্রলবোমা নিক্ষেপকারীরা আছে? এ ব্যাপারে আইনপ্রয়োগকারী সংস্থার তল্লাশি করা উচিত।
জাসদের মঈন উদ্দীন খান বাদল বলেন, ‘আপনারা বলেছেন রাজনীতি না করতে। আমরাও বলছি, মরদেহ নিয়ে রাজনীতি করবেন। মরদেহ আনবেন সৎকার করবেন।’
আলোচনায় আরও অংশ নেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, দীপু মনি, ওয়ারেসাত হোসেন বেলাল ও আবু সাঈদ আল মাহমুদ।