প্রধানমন্ত্রীর বক্তব্য অসত্য প্রমাণিত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলাবাগানে জোড়া খুনের মতো বিভিন্ন গুপ্তহত্যায় জামায়াত-বিএনপি চক্র জড়িত—প্রধানমন্ত্রীর এ বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির দাবি, প্রধানমন্ত্রী জামায়াতের বিরুদ্ধে নির্জলা অসত্য অভিযোগ উত্থাপন করেছেন।
গতকাল মঙ্গলবার জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এক বিবৃতিতে এ দাবি করেন।
বিবৃতিতে বলা হয়, দেশে কোনো অঘটন ঘটলেই তার জন্য জামায়াতকে দায়ী করে ষড়যন্ত্রমূলকভাবে সরকারের মন্ত্রীরা পানি ঘোলা করে থাকেন। এর আগেও আওয়ামী লীগের নেতারা জামায়াতের বিরুদ্ধে এ ধরনের কাল্পনিক অভিযোগ উত্থাপন করে পানি ঘোলা করার অপচেষ্টা চালিয়েছেন। তাঁদের কোনো বক্তব্যেরই সত্যতা প্রমাণ করতে পারেননি তাঁরা। এ বক্তব্যও অসত্য প্রমাণিত হবে।
জামায়াতের দাবি, গুপ্তহত্যা, সন্ত্রাস, গুম, অপহরণ, টেন্ডারবাজি, চাঁদাবাজি, সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের বাড়িঘরে হামলা এবং জমিজমা দখলের সঙ্গে আওয়ামী লীগের লোকেরাই জড়িত। কাজেই আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারলেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে।