প্রধানমন্ত্রীর বক্তব্য আদালতের ওপর প্রভাব বিস্তার: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে বিচারাধীন মামলা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য আদালতের ওপর প্রভাব বিস্তার বলে দাবি করেছে বিএনপি।

আজ রোববার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ঢাকার বিশেষ জজ আদালত-৩-এ খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির দুটি মামলার বিচারকাজ চলছে।

বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধে দুর্নীতির মামলার প্রসঙ্গ উল্লেখ করে জার্মানিতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আদালতের কাছে যদি প্রমাণ থাকে, তাহলে তাঁর (খালেদা জিয়া) শাস্তি হবে।

প্রধানমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করেন রিজভী। তিনি বলেন, প্রধানমন্ত্রী যেভাবে খালেদা জিয়াকে নিয়ে বক্তব্য দিচ্ছেন, তা সুস্পষ্টভাবে আদালতের ওপর প্রভাব বিস্তার।

রিজভী দাবি করেন, খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা সব মামলা রাজনৈতিক এবং উদ্দেশ্যপ্রণোদিত। হয়রানি করার জন্য তাঁর বিরুদ্ধে মামলাগুলো চলমান রাখা হয়েছে।