প্রধানমন্ত্রীর বক্তব্য আদালতের ওপর প্রভাব বিস্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে বিচারাধীন মামলা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য আদালতের ওপর প্রভাব বিস্তার বলে দাবি করেছে বিএনপি।

গতকাল রোববার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ঢাকার বিশেষ জজ আদালত-৩-এ খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির দুটি মামলার বিচারকাজ চলছে। বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধে দুর্নীতির মামলার প্রসঙ্গ উল্লেখ করে গত শনিবার জার্মানিতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আদালতের কাছে যদি প্রমাণ থাকে, তাহলে তাঁর (খালেদা জিয়া) শাস্তি হবে।

প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, প্রধানমন্ত্রী যেভাবে খালেদা জিয়াকে নিয়ে বক্তব্য দিচ্ছেন, তা সুস্পষ্টভাবে আদালতের ওপর প্রভাব বিস্তার। তিনি দাবি করেন, খালেদা জিয়ার বিরুদ্ধে করা সব মামলা রাজনৈতিক এবং উদ্দেশ্যপ্রণোদিত। খালেদা জিয়াকে ঘন ঘন আদালতে হাজিরা দিতে বাধ্য করে তাঁকে যেভাবে হয়রানি করা হচ্ছে, তা কোটি কোটি মানুষের হৃদয়ে আঘাত হানছে।

রিজভী অভিযোগ করেন, রাজধানীর সব সড়কে বিশেষ ব্যবস্থায় নিয়মিত পানি না ছিটানো, অপরিকল্পিতভাবে সড়ক খোঁড়াখুঁড়ি ও ভবন নির্মাণ অথবা যেখানে-সেখানে নির্মাণসামগ্রী ফেলে রাখায় ‘ধূলিদূষণ’ নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।