প্রধানমন্ত্রীর বক্তব্য আপত্তিকর: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশি নাগরিক খুনের ঘটনায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জড়িয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘আপত্তিকর’ বলে মন্তব্য করে প্রত্যাখ্যান করেছে বিএনপি। এ ধরনের বক্তব্য সঠিক তদন্তকে বাধাগ্রস্ত করবে বলেও আশঙ্কা প্রকাশ করেছে দলটি।

আজ রোববার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্যের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান দলটির মুখপাত্র আসাদুজ্জামান রিপন।

গতকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে তাঁর কৌশল পরিবর্তন করেছেন। তিনি এখন বিদেশে বসে বিদেশি নাগরিকদের হত্যা করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্র করছেন।’

প্রধানমন্ত্রীর এই বক্তব্যের নিন্দা জানিয়ে বিএনপির মুখপাত্র বলেন, ‘এ ধরনের আপত্তিকর, অরুচিকর বক্তব্য আমরা আদৌ শোভন মনে করি না। মাননীয় প্রধানমন্ত্রীর এই পর্যবেক্ষণকে, এই অভিযোগকে আমরা প্রত্যাখ্যান করছি, প্রতিবাদ করছি, নিন্দা করছি।’

রিপন বলেন, তদন্ত চলাকালে সরকারের শীর্ষ পর্যায় থেকে এ ধরনের বক্তব্য দেওয়া হলে ঘটনার তদন্ত সঠিক পথে এগুতে পারে না। তাঁর অভিযোগ, বিএনপির চেয়ারপারসনকে জড়িয়ে বক্তব্য দিয়ে সরকার প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা করছে।