প্রধানমন্ত্রীর বক্তব্য আপত্তিকর: বিএনপি
বিদেশি নাগরিক খুনের ঘটনায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জড়িয়ে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করেছে বিএনপি। দলটির মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেছেন, প্রধানমন্ত্রীর বক্তব্য আপত্তিকর। এ ধরনের বক্তব্য সঠিক তদন্তকে বাধাগ্রস্ত করবে।
গতকাল রোববার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানান আসাদুজ্জামান।
গত শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে তাঁর কৌশল পরিবর্তন করেছেন। তিনি এখন বিদেশে বসে বিদেশি নাগরিকদের হত্যা করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্র করছেন।’
প্রধানমন্ত্রীর এই বক্তব্যের নিন্দা জানিয়ে বিএনপির মুখপাত্র বলেন, ‘এ ধরনের আপত্তিকর, অরুচিকর বক্তব্য আমরা আদৌ শোভন মনে করি না। মাননীয় প্রধানমন্ত্রীর এই পর্যবেক্ষণকে, এই অভিযোগকে আমরা প্রত্যাখ্যান করছি, প্রতিবাদ করছি, নিন্দা করছি।’
অর্থনৈতিক স্বার্থে দেশে নিরাপত্তা-সংকট দূর করার আহ্বান জানিয়ে আসাদুজ্জামান বলেন, তদন্ত চলাকালে সরকারের শীর্ষ পর্যায় থেকে এ ধরনের বক্তব্য দেওয়া হলে ঘটনার তদন্ত সঠিক পথে এগোতে পারে না। বিএনপির চেয়ারপারসনকে জড়িয়ে বক্তব্য দিয়ে সরকার প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।