আলোচনা সভায় বি চৌধুরী
প্রধানমন্ত্রীর বক্তব্য ধরেই নির্বাচনকালীন সরকারের প্রস্তাব বের করতে হবে
বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রীর বক্তব্যই প্রধান। তাঁর বক্তব্যের রেশ ধরেই নির্বাচনকালীন সরকারের প্রস্তাব বের করতে হবে। তাঁর সঙ্গে দেখা করতে হবে। বিকল্পধারা এই বিষয়ে একটি প্রস্তাব দেবে বলেও তিনি জানান।
গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় বদরুদ্দোজা চৌধুরী (বি চৌধুরী) এসব কথা বলেন। মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী অনুসারী পরিষদ এই আলোচনার আয়োজন করে।
খালেদা জিয়ার নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব প্রসঙ্গে বদরুদ্দোজা চৌধুরী বলেন, নির্বাচন কমিশনের চেয়ে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার বেশি গুরুত্বপূর্ণ।
আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ আবারও বিনা ভোটে নির্বাচিত হতে চায় বলে বিএনপির প্রস্তাব সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করেছে।