প্রধানমন্ত্রীর বক্তব্য রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে খালেদা জিয়া ও তারেক রহমানের নির্বাচিত হওয়া নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেছেন বিএনপির নেতারা। গতকাল মঙ্গলবার দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রীর বক্তব্য রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত।
সোমবার ঢাকায় জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির দুই শীর্ষ পদে খালেদা জিয়া ও তারেক রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া প্রসঙ্গে বলেছিলেন, ‘নাটকটা ভালোই করেছেন। নির্বাচিত দুজনই আসামি।’ এ বক্তব্যের জবাবে মির্জা ফখরুল গতকাল নারী দিবসের এক অনুষ্ঠানে বলেন, ‘এ দেশের ইতিহাস যদি আমরা দেখি, দেখা যাবে যাঁরা গণতান্ত্রিক আন্দোলন করেন, প্রত্যেক নেতা-নেত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাঁরা আসামি হয়েছেন।’ আরেকটি অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, এক-এগারোর পর আজকের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নাইকো দুর্নীতি, মিগ-২৯ দুর্নীতি, চাঁদাবাজিসহ ১৫টি মামলা হয়েছিল। ১৫টি মামলার আসামি থাকা অবস্থায় তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি এসব মামলায় জামিন নিয়েছেন কি না—তা নিয়ে সংশয় প্রকাশ করে মোশাররফ প্রশ্ন রাখেন, নিজে আসামি হয়ে এ ধরনের কথা বলতে পারেন কি না।
মির্জা ফখরুল বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের র্যা লিপূর্ব সমাবেশে। আর খন্দকার মোশাররফ বক্তৃতা করেন তারেক রহমানের ‘কারাবরণ দিবস’ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিএনপি আয়োজিত আলোচনা সভায়।