প্রধানমন্ত্রীর বক্তব্য সত্যের অপলাপ: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়া চলছে—প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যকে ‘সত্যের অপলাপ’ বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর দাবি, দেশে গণতন্ত্র বলতে কিছু নেই।

গতকাল বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ কথা বলেন। এর আগে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাদের সঙ্গে যৌথ সভা করেন মির্জা ফখরুল। যৌথসভায় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান, উত্তরের সাধারণ সম্পাদক আহসানউল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

গত বুধবার প্রধানমন্ত্রী সংসদে বলেন, দেশে সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়া চলছে, এটা প্রমাণিত হয়েছে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী সত্যের অপলাপ করে জনগণের সঙ্গে প্রতারণা করেছেন। তাঁর এই মন্তব্যকে বছরের ‘সুপার জোকস’ বলা যায়।

আওয়ামী লীগ সরকারকে ‘দুর্নীতিবাজ সরকার’ আখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, দুর্নীতি হচ্ছে তাদের প্রধান উদ্দেশ্য। যার উত্তর সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিয়ে দিয়েছেন। মির্জা ফখরুল অভিযোগ করেন, দেশের বিভিন্ন জায়গায় কর্মিসভা করতে বাধা দেওয়া হচ্ছে।