প্রধানমন্ত্রীর বক্তব্যকে ভিত্তি ধরে সমঝোতা আশা করছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা সংঘাত নয়, শান্তি চাই’—প্রধানমন্ত্রীর এ বক্তব্যকে ভিত্তি ধরে দেশে শান্তি ও সমঝোতার পরিবেশ আশা করছে বিএনপি। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আশা করার কথা বলেন বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সোমবার আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের ১৫০ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে বলেন, ‘আমরা সংঘাত নয়, শান্তি চাই। আমরা অগ্রগতি চাই, পিছিয়ে যেতে চাই না এবং আমরা সৃষ্টি চাই, ধ্বংস চাই না।’

প্রধানমন্ত্রীর এই বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গতকাল সংবাদ সম্মেলন করে বিএনপি। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এই দৃষ্টিভঙ্গিকে সাধুবাদ জানানো হয়।

আসাদুজ্জামান বলেন, বিএনপি কখনোই সংঘাত, নৈরাজ্য, হানাহানি ও রক্তারক্তির রাজনীতিকে প্রশ্রয় ও সমর্থন দেয় না। বিএনপি আগাগোড়াই দেশে শান্তি-সমঝোতা-সম্প্রীতির রাজনীতির পক্ষে দৃঢ় অবস্থানের কথা বলে আসছে। কিন্তু সরকার সংবিধান স্বীকৃত গণতান্ত্রিক অধিকারগুলোকে হরণ করে কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার পথকে উৎসাহিত করছে। এতে বিরোধী মত দলিত হচ্ছে। বিরোধী নেতা-কর্মীরা খুন, গুম, মামলা, হামলা ও গ্রেপ্তারে জর্জরিত হয়ে পড়েছেন।

বিএনপির এই নেতা বলেন, ক্ষমতাসীনেরা একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনে জনগণের ন্যায়সংগত দাবি এবং ভোটাধিকারের পক্ষে গড়ে ওঠা বিশ্বজনমতকে উপেক্ষা করে চলেছে। এ অবস্থায় গত সোমবার দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘বেসলাইন’ ধরে দেশে শান্তি ও সমঝোতার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে মন্ত্রীদের ‘অরুচিকর’ মন্তব্য বন্ধ এবং বিরোধী দল ও নেতৃত্বকে নির্মূল করার প্রতিহিংসাপরায়ণ খেলা বন্ধ হবে বলে আশা করে বিএনপি। পাশাপাশি না করে আটক নেতাদের মুক্তি দিয়ে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সংলাপের উদ্যোগ নেবে সরকার।

সালাম বিএনপির সহসাংগঠনিক সম্পাদক:  জাতীয়তাবাদী যুবদলের সহসভাপতি আবদুস সালাম আজাদকে বিএনপি কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক এবং মো. তাইফুল ইসলামকে (টিপু) সহদপ্তর সম্পাদক করা হয়েছে। গতকাল বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

নাসির উদ্দীন আহম্মেদ পিন্টুর মৃত্যুতে বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক পদটি শূন্য হয়। অবশ্য বিএনপির কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক পদে তিনজন আছেন। তাইফুল ইসলামসহ এখন সহদপ্তর সম্পাদক চারজন হলেন।