প্রধানমন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানাল বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সংঘাত নয়, আমরা চাই শান্তি’—প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলটি বলেছে, প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে ‘বেসলাইন’ ধরে সমঝোতার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে গণতান্ত্রিক অধিকার চর্চার পথে সব বাধা-প্রতিবন্ধকতা অপসারণ করা হবে বলে আশা করে বিএনপি।
আজ মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন দলের এই বক্তব্য তুলে ধরেন। এসময় তিনি কারাবন্দী বিএনপি নেতাদের মুক্তি এবং অবাধ, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সংলাপের উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
গতকাল এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘আমরা সংঘাত নয়, শান্তি চাই। আমরা অগ্রগতি চাই, পিছিয়ে যেতে চাই না এবং আমরা সৃষ্টি চাই, ধ্বংস চাই না। সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব।’
প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে সাধুবাদ জানিয়ে আসাদুজ্জামান বলেন, বিএনপি আগাগোড়াই দেশে সংঘাত-সংঘর্ষের রাজনীতির বিপরীতে শান্তি-সমঝোতা-সম্প্রীতির রাজনীতির পক্ষে তার দৃঢ় অবস্থানের কথা বলে আসছে। সরকার সংবিধান স্বীকৃত সভা-সমাবেশ-মিছিল-হরতাল-অবরোধের মৌলিক গণতান্ত্রিক অধিকারগুলোকে হরণ করেছে ও কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার পথকে উৎসাহিত করছে। ফলে বিরোধী মত দলিত হচ্ছে। বিরোধী নেতা-কর্মীরা খুন, গুম, মামলা, হামলা ও গ্রেপ্তারে জর্জরিত হয়ে পড়েছে। এ ধরনের পরিস্থিতি সু-শাসন ও গণতন্ত্রের জন্য অন্তরায়। তিনি বলেন, বিএনপি কখনোই সংঘাত-নৈরাজ্য-হানাহানি-রক্তারক্তির রাজনীতিকে প্রশ্রয় ও সমর্থন দেয় না। একটি উদারনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপি বরাবরই শান্তিপূর্ণ পন্থায় জনগণকে সঙ্গে নিয়ে নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে দেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করে সরকার গঠনের রাজনীতিতে বিশ্বাসী।