ধর্মের বিরুদ্ধে অবস্থান নিয়ে যারা নোংরামি ছড়ায়, এটাকে চরিত্রদোষ ও বিকৃত মানসিকতা বলে কঠোর সমালোচনা ও হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল যে বক্তব্য দিয়েছেন, এটাকে অত্যন্ত ইতিবাচক ও প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী। তিনি এক বিবৃতিতে দাবি করেন, প্রধানমন্ত্রীর এ বক্তব্যে ‘ধর্মবিদ্বেষী ব্লগারদের’ বিরুদ্ধে কঠোর আইন পাস করার জন্য হেফাজতের দাবির যৌক্তিকতা প্রমাণিত হয়েছে।
হেফাজত আমিরের প্রেস সচিব মাওলানা মুনির আহমদের সই করা এই বিবৃতিটি গত রোববার গণমাধ্যমে পাঠানো হলেও প্রথম আলোর কাছে পাঠানো হয় গতকাল মঙ্গলবার।
বিবৃতিতে হেফাজত আমির বলেন, ‘ইসলামবিদ্বেষী ব্লগাররা’ আল্লাহ ও রাসুল (সা.) এবং পবিত্র ইসলামের বিরুদ্ধে অত্যন্ত নোংরা ভাষায় কুৎসা রটিয়ে মুসলমানদের অন্তরে কতটা মারাত্মক গভীর ক্ষতের সৃষ্টি করছে, বিলম্বে হলেও প্রধানমন্ত্রী এটা বুঝতে পেরেছেন। ধর্মবিদ্বেষী ব্লগাররা এ দেশের কোটি কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে বিক্ষুব্ধ করে দেশের শান্তিশৃঙ্খলার জন্য যে মারাত্মক হুমকি তৈরি করছে, প্রধানমন্ত্রীর বক্তব্যে এই বাস্তবতাও ফুটে উঠেছে। প্রধানমন্ত্রী সেদিন (১৪ এপ্রিল) বাংলাদেশের কোটি কোটি মুসলমানের হৃদয়ের কথাই বলেছেন।’
আহমদ শফী বলেন, ধর্মের বিরুদ্ধে কুৎসা ও বিদ্বেষ ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার ভয়াবহ এ চক্রান্ত আঁচ করেই হেফাজতে ইসলাম তিন বছর আগে থেকেই এদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বারবার সরকারের প্রতি আহ্বান এবং ১৩ দফা দাবি উত্থাপন করেছে। যার অন্যতম দাবি ছিল, ধর্ম অবমাননার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের বিধান রেখে কঠোর আইন পাস। প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল ‘ইসলামবিদ্বেষী ব্লগারদের’ বিরুদ্ধে তাঁর নিজস্ব মানসিক যন্ত্রণা ও ক্ষোভের যে প্রকাশ করেছেন, তাতে হেফাজতের দাবির যৌক্তিকতা জোরালোভাবে প্রমাণিত হয়েছে।