প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করে বিএনপি বলেছে, প্রধানমন্ত্রী জনসভায় খালেদা জিয়ার দণ্ড ঘোষণা করেছেন। এর পরে আইন-আদালত, বিচারব্যবস্থার কোনো কার্যকারিতা থাকে না। তবু খালেদা জিয়ার বিরুদ্ধে করা সব মামলা আইনিভাবেই মোকাবিলা করা হবে।
গতকাল রোববার এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এ কথা বলেন।
বিএনপির চেয়ারপারসনের প্রতি ইঙ্গিত করে গত শনিবার এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ওনার বিরুদ্ধে শুধু দুর্নীতির মামলা নয়, খুনের মামলাও দেওয়া হয়েছে। তিনি হুকুমের আসামি। একজন খুনির যে শাস্তি, তা তাঁকে পেতেই হবে।
সালাহ উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে করা ১৩টিরও অধিক মামলায় তাঁকে কোনো দিন হাজিরাও দিতে হয়নি, মোকাবিলাও করতে হয়নি; তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আওয়ামী নেতা-কর্মীদের বিরুদ্ধে করা হাজার হাজার মামলা প্রত্যাহার হয়েছে। আওয়ামী মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে দুদকের আওতাধীন সব অভিযোগ ও মামলায় দায়মুক্তি সনদ প্রদানের হিড়িক পড়েছে।
চেয়ারপারসনের কার্যালয় নীরব: ৩ জানুয়ারি থেকে গুলশানে নিজের কার্যালয়ে অবস্থান করছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তাঁর সঙ্গে দলের কয়েকজন নেতা ও কর্মকর্তা-কর্মচারী আছেন। কিন্তু সেখানে একধরনের নীরবতা বিরাজ করছে। ভেতরে থাকা কেউ বাইরে বের হন না। গতকাল বাইরে থেকেও কোনো নেতা-কর্মীকে কার্যালয়ে যেতে দেখা যায়নি।