প্রধানমন্ত্রীর বক্তব্যের সত্যতা নেই: দাবি জামায়াতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর ভাষণে দেওয়া তথ্য ও বক্তব্যে কোনো সত্যতা নেই বলে দাবি করেছে জামায়াতে ইসলামী। দলটি ভবিষ্যতে জাতির সামনে ‘প্রকৃত সত্য’ তুলে ধরে সঠিক বক্তব্য উপস্থাপনের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছে। গতকাল বুধবার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এই আহ্বান জানান। জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর দেওয়া ভাষণের প্রতিক্রিয়া জানিয়ে এ বিবৃতি দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী গত বছর অবরোধ চলাকালে বিএনপি ও জামায়াত জোটের পেট্রলবোমা হামলায় ২৩১ জন নিহত, ১১৮০ জন আহত, ২ হাজার ৯০৩টি গাড়ি ভাঙচুর, ১৮টি ট্রেন ও ৮টি লঞ্চে আগুন দেওয়া, সরকারি অফিস, স্থাপনা ও ভূমি অফিস পুড়িয়ে দেওয়ার যেসব অভিযোগ করেছেন, তার কোনো সত্যতা নেই। বিএনপি-জামায়াতের বদনাম করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছত্রচ্ছায়ায় সরকারদলীয় সন্ত্রাসী ক্যাডার বাহিনীই ওই সব ঘটনা ঘটিয়েছে।