ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর এ বিষয়ে বিএনপি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে। গতকাল সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। তবে এই প্রতিক্রিয়া জানাতে দলের চেয়ারপারসন, না মহাসচিব সংবাদ সম্মেলনটি করবেন, তা চূড়ান্ত হয়নি।
বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার প্রথম আলোকে বলেন, ‘উনি (প্রধানমন্ত্রী) কী বলেন, তা দেখে আমরা প্রতিক্রিয়া জানাব।’
গতকাল রাত পৌনে ১০টায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে তাঁর গুলশানের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকটি শুরু হয়, শেষ হয় রাত ১২টায়।
স্থায়ী কমিটির একাধিক নেতা প্রথম আলোকে বলেন, বৈঠকে প্রধানমন্ত্রীর ভারত সফরে করা চুক্তি ও সমঝোতা স্মারক নিয়ে পর্যালোচনা হয়েছে। নেতারা মনে করছেন, সম্পাদিত চুক্তিগুলোর বেশির ভাগেই ভারতীয় স্বার্থ রক্ষা করা হয়েছে। বাংলাদেশ তেমন কিছু পায়নি। বাংলাদেশের অন্যতম চাওয়ার বিষয় ছিল তিস্তার পানিবণ্টন নিয়ে চুক্তি। সেটিও অনিশ্চিত।
বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।