প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, লন্ডন যাত্রা স্থগিত আশরাফের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ আশরাফুল ইসলাম
সৈয়দ আশরাফুল ইসলাম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম আগামীকাল বুধবার সকালে তাঁর পূর্বনির্ধারিত লন্ডন যাত্রা স্থগিত করেছেন। আজ রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর তিনি তাঁর যাত্রা স্থগিত করার সিদ্ধান্ত নেন। সরকারের শীর্ষ পর্যায়ের সূত্রে এ খবর জানা গেছে।
নির্ভরযোগ্য সূত্র জানায়, আজ সন্ধ্যায় ইফতারের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোন করে সৈয়দ আশরাফকে গণভবনে ডেকে নেন। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত দুই ঘণ্টা তাঁরা একান্ত বৈঠক করেন। এরপর সৈয়দ আশরাফ লন্ডন যাত্রা স্থগিত করেন।
এর আগে গত রোববার গণভবনে শেখ হাসিনা ও সৈয়দ আশরাফ বৈঠক করেন। সেদিনও তাঁকে লন্ডন যাত্রা স্থগিত করার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী।
এদিকে আজও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা আশরাফের বেইলি রোডের বাসভবনে এসে দেখা করেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ কয়েকজন সাংসদ তাঁর সঙ্গে দেখা করেন। এ ছাড়া সৈয়দ আশরাফের নির্বাচনী এলাকার বিপুলসংখ্যক নেতা-কর্মী তাঁর সঙ্গে দেখা করেন। বিকেলে তিনি অফিসার্স ক্লাবে আওয়ামী লীগের প্রচার উপপরিষদের ইফতার মাহফিলে যোগ দেন। সেখানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।